চাঁদপুরের প্রবীণ আইনজীবী কাজী হাবিবুর রহমানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির প্রবীণ আইনজীবী ও বৃহত্তর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আলহাজ কাজী হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজন রেখে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. এএনএম মাঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী।
বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শাহারাস্তি উপজেলার আলিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
একইদিন মরহুমের স্মরণে জেলা জজ আদালতে ফুলকোর্ট রেভারেন্স ও জেলা আইনজীবী সমিতিতে শোকসভার আয়োজন করা হয়েছে।
কাজী হাবিবুর রহমান শাহারাস্তি উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা হলেও বসবাস করতেন চাঁদপুর শহরের জিটি রোড এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, কাজী হাবিবুর রহমান চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ১৯৮৪ সালের ১১ সেপ্টেম্বর যোগ দেন এবং মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন সদস্য ছিলেন। এর আগে তিনি বৃহত্তর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং কুমিল্লা ল’ কলেজের উপাধ্যক্ষ ছিলেন।

০১ আগস্ট, ২০২৪।