স্টাফ রিপোর্টার
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে মহান বিজয় দিবস আন্তঃউপজেলা কাবাডি (বালক/বালিকা) টুর্নামেন্ট। জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলার ৮ উপজেলার দলগুলো। পৃষ্ঠপোষকতায় রয়েছেন প্রবাহ অফসেট প্রেসের স্বত্বাধিকারী ও জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপ-কমিটির সেক্রেটারি আলহাজ ওমর পাটওয়ারী।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে বালিকা দলের খেলায় মতলব উত্তরের সাথে হাজীগঞ্জ ২৫-০৫ পয়েন্টে এবং মতলব দক্ষিণের সাথে জয়লাভ করে চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা দল ৩৬-১৭ পয়েন্টে জয়লাভ করে।
এবারের টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- চাঁদপুর সদর, মতলব দক্ষিণ, হাইমচর, মতলব উত্তর, হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার বালক ও বালিকা দল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য শাহির পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ, মতলব দক্ষিণের সাধারণ সম্পাদক আলেক, মতলব উত্তরের আজাদসহ গণমাধ্যমকর্মীরা।
১০ ডিসেম্বর, ২০২৩।
