স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাক ঘাটস্থ নিজ বাসভবন থেকে ডিবি পুলিশ তাকে আটক করে ডিবি হেফাজতের নেওয়া হয়েছে বলে জানান চাঁদপুর ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।
এদিকে গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর যে ক’টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে তন্মধ্যে কোনো মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন বলে জানান পরিবারের সদস্যরা।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঠিকাদারিসহ নানা কাজে অনৈতিক হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
এদিকে জেলা আওয়ামী লীগের পর পর দু’বার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী আটকের বিষয়ে চাঁদপুরের ডিবি পুলিশের ওসি মজিবুর রহমান জানান, আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসছি। কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবো। আটকের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী ছাত্র জীবন থেকেই রাজনৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি দীর্ঘদিন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরপর দু’বার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
১০ ফেব্রুয়ারি, ২০২৫।
