স্টাফ রিপোর্টার
গত এক সপ্তাহের বেশি সময় ধরে চাঁদপুরের ট্রাফিক পুলিশ পুরোদমে সরব হওয়ায় সড়কে ফিরছে শৃঙ্খলা। পুরো শহরকে যানজট মুক্ত যানবাহন চলাচল করতে প্রাণপন চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। অপরদিকে ট্রাফিক পুলিশের তৎপরতায় সড়ক থেকে পালিয়েছে অবৈধ যানবাহনগুলো।
চলতি বছরের গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর প্রায় সপ্তাহেখানেক সড়কে ছিলো না কোনো ট্রাফিক পুলিশ। তখন সড়ক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন সাধারণ ছাত্র-ছাত্রীরা। আইনশৃঙ্খলা বাহিনীর জেলা উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এক পর্যায়ে যাদের সড়কে দায়িত্ব তারাই অর্থাৎ ট্রাফিক পুলিশ চাঁদপুরের সড়কে পুনরায় ফিরে তাঁদের দায়িত্ব পালন করলেও নানা কারণে তা ছিলো নামেমাত্র বা ঢিমেতালে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে এক শ্রেণির পরিবহন মালিকরা অবৈধ যানবাহন সড়কে চালানোর ফলে সড়কে যানজট লেগেই থাকতো। শুধু তাই নয়, এই অবৈধ যানবাহনের দাপটে সড়কে অসহায় থাকতো অন্যান্য যানবাহন। এই অবস্থা চলতে থাকে গত প্রায় দু’মাস ধরে।
অবশেষে পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন চাঁদপুরে যোগদানের পর ট্রাফিক পুলিশকে জনস্বার্থে পুরোপুরিভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন।
এদিকে ট্রাফিক পুলিশ চাঁদপুরের চাহিদার তুলনায় জনবলের ব্যাপক সংকট থাকলেও বর্তমানে সড়কে আগের মতো পরিপূর্ণভাবে সড়ক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করার মতো জনবল দিয়ে সড়কে সক্রিয় করেছেন ট্রাফিক পুলিশের তৎপরতায়।
এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিপূর্ণ ভাবে সড়কে কার্যকর ভূমিকায় পুলিশের ট্রাফিক বিভাগ। ফলে সড়কে যানজট নিরসন, নিয়ন্ত্রণহীন এবং অবৈধ যানবাহনের চাপ কমাতে এখন থেকে কঠোর অবস্থানে থাকবে ট্রাফিক বিভগ। সেই লক্ষ্যে গত ২৪ সেপ্টেম্বর সকাল থেকে ট্রাফিক পুলিশ তাদের আগের মতো কার্যক্রমে তৎপরতা শুরু করেন।
তৎপরতা শুরু করার পর পরই শুরু করা হয় অভিযান। গত এক সপ্তাহে এ অভিযানে প্রায় দু’শতাধিক যানবাহনের বিরুদ্ধে নানা কারণে মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থা দেখে সড়কে চলা সব অবৈধ যানবাহন সড়ক থেকে পালিয়েছে। এখন এসব যানবাহনগুলো মূল সড়ক ছেড়ে যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই, সেসব সড়কে চলাচল করছে। ফলে কিছুটা হলেও সড়কে এখন শৃঙ্খলা অনেকটা ফিরে এসেছে।
অপরদিকে ট্রাফিক পুলিশের স্বল্পসংখ্যক জনবল নিয়ে চাঁদপুর শহরে যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু শহরের বেশকিছু রাস্তা সংস্কার কাজ চলমান থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে। অপরদিকে আগের সিদ্ধান্ত অনুযায়ী শহরে দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত ভারী যানবাহন ডুকা বন্ধ রয়েছে। ফলে শহরের সড়কগুলোতে এখন শৃঙ্খলা রয়েছে। অপরদিকে সড়কে শৃঙ্খলা রাখতে ট্রাফিক পুলিশের তৎপরতা এবং আইনগত ব্যবস্থাগ্রহণ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, সড়কের শৃঙ্খলা ফিরে আনতে এবং যানজট নিরসনের জন্য আমরা দায়িত্ব পালন করছি। ইতোমধ্যে অভিযান পরিচালনা করা অব্যাহত থাকায় অবৈধ যানবাহন এখন সড়ক থেকে পালিয়েছে।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, পুলিশ সুপার সরাসরি তদারকি করছেন, তাই স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আমি আশা করছি, সবার সহযোগিতা নিয়ে চাঁদপুর শহরকে যানজট মুক্ত শহর ও চাঁদপুরের সড়কগুলোতে অচিরেই শৃঙ্খলা ফিরে আনতে সক্ষম হবো।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত বলেন, ইতোমধ্যে আমরা আমাদের চেষ্টায় সড়কে শৃঙ্খলা কিছুটা হলেও ফেরাতে পারছি। সড়কে চলাচলকারী দূরদূরান্ত থেকে আসা যানবাহন এবং চাঁদপুর শহরবাসীর স্বস্তির জন্য নতুন করে কার্যকর ভূমিকা পালন করবে ট্রাফিক পুলিশ। এতে জনভোগান্তি কমে আসবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, চাঁদপুরে সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের দিকনির্দশনা এবং সরাসরি তদারকিতে শুধু জেলা শহরেই নয়, পুরো চাঁদপুরে দিনরাতে কাজ করবে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ এরইমধ্যে বেশকিছু অবৈধ যানবাহন আটক ও জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।
০৮ অক্টোবর, ২০২৪।
