স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের খান বাড়ি সড়কের একটি ফ্ল্যাট থেকে রেহান উদ্দিন মিজি (৫৫) নামে ড্রেজার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর খান সড়কের তামান্না শারমিন ভিলার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
রেহান উদ্দিন মিজি পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার সখিপুর থানার তারাবুনিয়া এলাকার মৃত আবদুর রব মিজির ছেলে। তিনি ওই ফ্ল্যাটে গত দুই বছর স্ত্রী পারভীন বেগমসহ ভাড়া থাকতেন।
ওই ফ্ল্যাটের আরেক ভাড়াটিয়া মরিয়ম আক্তার বলেন, রেহান উদ্দিনের স্ত্রী পারভীন বেগম আমাকে দুপুরে ফোন করে বলেন তাদের বাসা তালাবদ্ধ কিনা। আমি গিয়ে দেখি বাসা বাইরে থেকে আটকানো, তালা নেই। আমি উনাকে জানালাম বাইর থেকে লাগানো। তিনি বলেন, হয়তো তিনি ঘুমাচ্ছেন। পরে তিনি আবার দুইটার দিকে ফোন করে বলেন দরজা খুলে দেখার জন্য। আমি দরজা খুলে দেখি উনার দেহ চাদর দিয়ে ঢাকা অবস্থায় খাটের উপর পড়ে আছে।
তামান্না শারমিন ভিলায় তত্ত্বাবধানকারী তাফাজ্জল হোসেন তাফু পাটোয়ারী বলেন, ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাসায় ভাড়ায় উঠেন রেহান উদ্দিন মিজি। এলাকাবাসীর ফোন আসে আমার কাছে খবর আসে বাসার ভেতরে রেহান উদ্দিনের লাশ পড়ে আছে। অনেক দ্রুত এসে পুলিশকে খবর দেই। এর চাইতে বেশি কিছু আমার জানা নেই।
খবর পেয়ে ঘটনাস্থল আসেন চাঁদপুর মডেল থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডি। এর মধ্যে পিবিআই কর্মকর্তারা ক্রাইম সিন করে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরের পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান বলেন, আমরা জানতে পারি খান সড়কের ফ্ল্যাট বাসায় রেহান উদ্দিন মিজি নামক ব্যাক্তি হত্যা হয়েছে। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে আসি এবং ক্রাইম সিন করি। উনি উনার স্ত্রীসহ এই বাসায় থাকতেন। গত দুইদিন আগে তার স্ত্রী বেড়াতে গিয়েছেন। ধারণা করা হচ্ছে, গত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাসার দরজা বাইরে থেকে আটকে রেখে গেছে। প্রাথমিকভাবে অবস্থান দেখে বুঝা গেছে ওই ব্যাক্তির মাথায় ছোট ও বড় আঘাত রয়েছে। তবে আঘাতের গভীরতা কম। ঘটানাস্থল থেকে জব্দকৃত আলামত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা আমরা তদন্ত করে দেখছি।
চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ বলেন, ঘটাস্থল থেকে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। ঘটনাটি আমলে নিয়ে ব্যাপক তদন্ত করে দেখা হচ্ছে।
২৭ জুন, ২০২১।
