চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

ওবায়দুর রহমান
চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় টিনের বসতঘর বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মন্টু ঢালী (৭০) ও মো. আনোয়ার হোসেন খান (৫৫) নামে দুই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরাণবাজার ২নং ওয়ার্ড পশ্চিম জাফরাবাদ গ্রামের ঢালী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
মন্টু ঢালী ওই বাড়ির মৃত আব্দুল ঢালীর ছেলে এবং আনোয়ার একই এলাকার খান বাড়ির আমিন খানের ছেলে।
মন্টু ঢালীর ছেলে আল আমিন ও তার স্ত্রী ফাহিমা বেগম জানান, ধারণা করা হচ্ছে আর্থিং সমস্যা থেকে বসতঘর বিদ্যুতায়িত হয়েছিল। ওই সময় আনোয়ার খান নতুন আত্মীয়তার বিষয়ে কথা বলে চলে যাচ্ছিলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি ঘরের বেড়ার টিনের মধ্যে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীও বিদ্যুতায়িত হন। পরে দু’জনকেই আহত অবস্থায় ঘটনাস্থল থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই দু’জন মৃত্যুবরণ করেছেন।
এদিকে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মহসীন আলম উভয় মরদেহের সুরতহাল তৈরি করেন।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, এ ঘটনায় নিহত দুই পরিবারের কোন অভিযোগ নেই। থানায় দু’টি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করায় দু’টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৫ মে, ২০২৫।