স্টাফ রিপোর্টার
বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, কোন অবস্থাতেই আওয়ামী লীগের কাউকে ফরম দেওয়া যাবে না। যিনি দিবেন তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এমনকি বিগত দিনে যারা আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে, ওই মামলায় যারা সাক্ষী হয়েছে তাদেরও সদস্য করা যাবে না।
শনিবার (২৪ মে) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির নিজস্ব নতুন কার্যালয়ে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া আরো বলেন, আমি মনে করি ফরম বিতরণে চাঁদপুর প্রথম হবে। কারণ চাঁদপুর বিএনপির দুর্গ। আগামিদিনে আপনাদের সতর্ক থাকতে হবে। যাতে বিতর্কিত কেউ দলে প্রবেশ করতে না পারে। যারা বিগত দিনে আন্দোলন-সংগ্রামে ছিলো তারাই যেন আগামি দিনে মূল্যায়ন পায়। তবে যারা বিগত দিনে আওয়ামী লীগের ধারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি যারা বাধ্য হয়ে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে গিয়েছে বিষয়গুলো আপনারা চিন্তা-ভাবনা করে তাদের বিবেচিত করতে পারেন।
তিনি আরো বলেন, ইউনুস সাহেব একটি কিংস পার্টি গঠন করেছে, কিছু শিশুসুলভ ছেলেদের দিয়ে। জুলাই আন্দোলনে আমাদের ছেলেরা জীবন দিয়েছে। শুধু কি ছাত্ররা জীবন দিয়েছে? পুরো আন্দোলনটি তারেক রহমানের নির্দেশেই পরিচালিত হয়েছে। যদি তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব না দিতেন, তাহলে ৫ তারিখ হাসিনার পতন সম্ভব হতো না। আমাদের ইশরাককে কোর্টের রায়ের পরও শপথ পড়তে দেওয়া হয়নি। ফলে আমাদের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছে। সার্বিক দিক দেখে ইউনুস সাহেব মনে করেছেন, আর দায়িত্ব পালন সম্ভব নয়। এই কথাটিও তিনি তার লোকদের কাছে বললেন। বিএনপিকে সাক্ষাৎ দেননি। আগামিতে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান যা যা বলেছেন তা তা বাস্তবায়ন করবে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়া।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, সদস্য ড. জালাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা সফিউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হামিদ মাস্টার, শেখ আব্দুর রশিদ, আলহাজ নূরুল ইসলাম মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী।
২৫ মে, ২০২৫।
