দেশ স্বাধীন হয়েছিলো বলেই এ বিজয় মেলা
……..জেলা প্রশাসক কামরুল হাসান
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চের সামনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোম প্রজ্জ্বলন করা হয়। এরপর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, বাংলাদেশ স্বাধীনতা সন্নিকটে জেনেই ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বেছে বেছে জাতির মেধাবী সন্তান তথা বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিলো। পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা দেশব্যাপী জঘণ্য হত্যাকান্ড চালিয়েছিল সেদিন। তাদের প্রেতাত্মারা আজও সক্রিয় দেশ ও জাতির বিরুদ্ধে। এদের বিষয়ে আমাদের সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন, একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তখন সব চেয়ার ভরে যাবে। দেশ স্বাধীন হয়েছিলো বলেই এ বিজয় মেলা। আর বিজয় মেলা আয়োজন হয়েছে বলেই সাংস্কৃতিক অনুষ্ঠান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন।
দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ রাশেদা আক্তার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা সাহনাজ, চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর জেলা যুুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশীদ, মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, মুক্তিযোদ্ধা ইয়াকুব মাস্টারসহ আরো অনেকে।
১৫ ডিসেম্বর, ২০২২।
