ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে
স্টাফ রিপোর্টার
নৌ-পুলিশের নবাগত পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ইলিশ সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে আসে। তাই প্রজনন সময়ে ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে আমরা দেশের চাহিদা মিটিয়ে ইলিশ বিদেশে রপ্তানি করতে পারবো।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে শহরের বিআইডব্লিউটি মোড়ে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পুলিশের আগের কার্যক্রম আর এখনকার কাজ এক হবে না। এ অঞ্চলে এখন যারা দায়িত্বে প্রায় সবাই নতুন। আমরা চাইবো বিগত দিনের সব কার্যক্রম পর্যালোচনা করে নতুনভাবে কাজ করার জন্য। নৌপথ সার্বিকভাবে নিরাপদ রক্ষার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও সেনাবাহিনীসহ টাস্কফোর্স এর অভিযান অব্যাহত থাকবে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করব।
সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ হানিফ।
০৯ অক্টোবর, ২০২৪।
