স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) বিকালে চাঁদপুর স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় অংশ নেয় চাঁদপুর সরকারি কলেজ ও মতলব সরকারি ডিগ্রি কলেজ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে খেলা শেষ হয়। পরে ট্রাইবেকারে মতলব সরকারি ডিগ্রি কলেজ ৪-২ গোলে চাঁদপুর সরকারি কলেজকে হারিয়ে জয়লাভ করে।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্কুল পর্যায়ে বঙ্গবঙ্গ ও বঙ্গমাতা ফুটবল বালক-বালিকা টুর্নামেন্ট হয়ে আসছে। তবে কলেজ পর্যায়ে ২০২৩ সাল থেকে এই প্রথম জাতির পিতার নামে বঙ্গবন্ধু আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ যারা চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছে তারা বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। আমার বিশ্বাস মতলব ডিগ্রি কলেজ ও চাঁদপুর সরকারি কলেজ সব কলেজ হারিয়ে জাতীয় পর্যায় পর্যন্ত যাবে। সাথে সাথে চাঁদপুরের নাম উজ্জল করবে।
তিনি আরো বলেন, স্কুল ও কলেজ পর্যায় থেকে নতুন নতুন খেলোয়াড় তৈরি করাই এই টুর্নামেন্টের উদ্দেশ্য। আমাদের শিক্ষা প্রতিষ্ঠাগুলোর দায়িত্ব হবে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়াবান্ধব করে গড়ে তোলা। সারা বছর শিক্ষার্থীদের খেলার মাঠে রাখার জন্য টুর্নামেন্টে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।
এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামসহ আরো অনেকে।
১৩ জুন, ২০২৩।
