শাহরাস্তিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন


নোমান হোসেন আখন্দ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার দুপুর সাড়ে ১২টায় মেহের ডিগ্রি কলেজ মাঠে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, মেহের ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মো. শাহাবুদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্ল্যাহ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফারুক আহম্মেদ প্রমুখ।
পরে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১২ সেপ্টেম্বর, ২০১৯।