সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলায় পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মিশিয়ে দীর্ঘদিন থেকে বাজারজাত করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা। সুপারিতে কেমিক্যাল মিশানোর অপরাধ ৫ জনকে আটক করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হাওলাদার বাজারে পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানো হয় এমন তথ্য পাওয়ার সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে ৫ জনকে আটক করেন। আটক ৫ জনকে ২০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কেমিক্যাল মেশানো সুপারি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার হাওলাদার বাজার এলাকায় পুকুরে-জলাশয়ে ভেজানো সুপারিতে কেমিক্যাল মেশানো হচ্ছে। তখন আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করি এবং বিপুল পরিমাণ কেমিক্যাল মেশানো সুপারি এলাকাবাসীর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করি। আটক ৫ জনকে মোবাইল কোর্টের আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে যেনো আর এই কাজ না করে সে জন্য তাদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে যদি সুপারিতে কেমিক্যাল মেশানো এমন কাউকে পাওয়া যায় তখন তাকে অর্থদন্ডসহ কারাদণ্ড দেয়া হবে।
০১ মে, ২০২৪।
