হাজীগঞ্জে আগুনে বসতঘর ভস্মীভূত

স্ত্রী ও ৩ মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্ত পরিবার

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে মালি বাড়ির শংকরের বসতঘর ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন। তিনি ওই বাড়ির মৃত মরণের ছেলে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট-সার্কিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন রাতে নিজ বসতঘরে আগুন দেখে পরিবারের লোকজন হতভম্ব হয়ে পড়েন। এসময় তারা জীবন বাঁচাতে তাৎক্ষণিক ঘর থেকে বের হয়ে ডাক-চিৎকার শুরু করেন। পরে তাদের ডাকচিৎকারে বাড়ির লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন এবং তারা আগুন নেভাতে চেষ্টা করেন।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।
এদিকে খবর পেয়ে গত শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৬ হাজার টাকা, ২ প্যাকেট (বস্তা) খাবার প্রদান করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মজিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে আগুনে বসতঘর পুড়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন শংকর। তিনি স্ত্রী ও ৩ মেয়েকে নিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। দরিদ্র হওয়ায় তার পক্ষে নতুন করে বসতঘর নির্মাণ অসম্ভব। তাই প্রশাসন ও বিত্তবানদের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন ওই বাড়ি ও এলাকার লোকজন।

১৬ এপ্রিল, ২০২৩।