চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরীকে নারায়ণগঞ্জ জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে পুলিশ সদর দপ্তর থেকে তাঁর বদলির অর্ডার হয়েছে। বুধবার (২৯ জুলাই) তিনি তাঁর এ বদলির বিষয়টি নিশ্চিত করেন। তবে ঈদুল আজহা তিনি চাঁদপুরেই উদ্যাপন করবেন। ঈদ শেষে ৫ আগস্টই হয়ত তার চাঁদপুরে শেষ কর্মদিবস।
অত্যন্ত চৌকশ এবং মেধাবী এই পুলিশ অফিসার চাঁদপুরে প্রায় ২২ মাস কর্মকাল অতিবাহিত করলেন। শুরু থেকেই তিনি সদর সার্কেলের দায়িত্বে ছিলেন। আর জেলার জন্যে এ সার্কেলটি খুবই গুরুত্বপূর্ণ। চাঁদপুর শহরসহ সদর সার্কেলের অধীন থানাগুলোতে জাহেদ পারভেজ চৌধুরীর কর্মদক্ষতা এবং মাঠে বিচরণ ছিলো চোখে পড়ার মতো। যে কোনো অপ্রীতিকর ঘটনা, দুর্ঘটনা এবং আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কাকালে জাহেদ পারভেজ চৌধুরীর সক্রিয় এবং আপোসহীন তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসতো। ২২ মাসে চাঁদপুরে তার কার্যক্রম এবং সেবা প্রদান চাঁদপুরবাসীর জন্যে স্মরণীয় হয়ে থাকবে।
জাহেদ পারভেজ চৌধুরীও চাঁদপুরে তাঁর এই কর্মকালে সব মহলের যে সহযোগিতা পেয়েছেন, সেজন্যে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি যেখানেই কর্মজীবন অতিবাহিত করবেন চাঁদপুর তার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
৩০ জুলাই, ২০২০।

