
শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষার মাধ্যমে এগিয়ে যেতে হবে
………………. আবু নঈম পাটওয়ারী দুলাল
স্টাফ রিপোর্টার
চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমিতে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। কারণ বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে আমাদের প্রতিযোগিতার মধ্য দিয়েই টিকে থাকতে হবে। সরকারও শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা কখনো নিজেদের ছোট মনে করবে না। পড়ালেখার মধ্য তোমরা নিজেদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই একদিন এদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক আবুল কাশেম মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দিন পাটওয়ারী, গবেষণা কর্মকর্তা মাসুদ আলম ভূঁইয়া, সহকারী পরিদর্শক আজিজুল হক, রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাফর আলম, বিদ্যুৎ প্রকৌশলী বিল্লাল হোসেন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবর রহমান, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি শাহ আলম মল্লিক, রেলওয়ে থানার এসআই খোরশেদ আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল মালেক, মজিবুর রহমান, কৃষ্ণা সাহা, শামসুন্নাহার প্রমুখ।
এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে অতিথিরা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন বর্ষের বই বিতরণ করেন।
