স্টাফ রিপোর্টার
চাঁদপুরে শুরু হতে যাচ্ছে ৩২তম মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২৩। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) চাঁদপুর মুক্ত দিবসে শহরের আউটার স্টেডিয়ামে শুরু হবে এ মেলা। এ মেলা চলবে আগামি একমাস।
মেলার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান লে. (অব.) এমএ ওয়াদুদ বলেন, মহান এই মুক্তিযুদ্ধকে স্মৃতিময় ও নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস জানাতে ১৯৯২ সাল থেকে আমাদের এ আয়োজন চলছে। আশা করি সবার সহযোগিতায় এবছরও আমাদের আয়োজন সফলতা পাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।
জানা যায়, মেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ’৭১সহ দেড় শতাধিক স্টল থাকবে। প্রতিদিন মেলায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ বিভিন্ন জেলা থেকে আগত সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, সংগীত ও নাটক মঞ্চস্থ হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান।
বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব হারুন আল রশীদ জানান, ইতোমধ্যে মেলার প্রায় সব কাজ শেষ পর্যায়ে। সময় কম থাকায় বিভিন্ন জেলা থেকে আগত স্টল মালিকরা তাদের শেষ অংশের কাজ সেরে নিচ্ছেন। মেলায় পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ও মেলার শৃঙ্খলা কমিটির সদস্যরা সর্বদা নজরদারি রাখবে।
০৮ ডিসেম্বর, ২০২৩।
