স্টাফ রিপোর্টার
আজ শুক্রবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট পিকনিক রিভারক্রুজ-১ মেঘনা বিলাস-২০২১। বাংলাদেশের ৩২ জেলার ১শ’ ৭৮টি ক্লাবের প্রায় ৮শ’ জন ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে চাঁদপুরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
চাঁদপুর মেঘনা মোলহেডে সকাল ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধন শেষে রোটারিয়ানরা লঞ্চযোগে মোহনপুর পর্যটন কেন্দ্র যাবেন। সেখানে মধ্যাহ্নভোজ ও ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টায় চাঁদপুর মোলহেডে এসে অনুষ্ঠান শেষ হবে।
অনুষ্ঠানের শুরুতে কয়েকজন অসহায় পঙ্গু ব্যক্তিকে সেবামূলক প্রকল্পের আওতায় হুইল চেয়ার বিতরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনুষ্ঠানের চীপ অ্যাডভাইজার চাঁদপুর পৌরসভার মেয়র ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের অনারারি রোটা. অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী, ডিস্ট্রিক গভর্নর নমিনি রোটা. ইঞ্জি. মতিউর রহমান, পাস্ট ডিস্ট্রিক গর্ভনর ইঞ্জিনিয়ার রোটা. এমএ লতিফ ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. প্রিন্সিপাল কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীরসহ রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানের চেয়ারম্যান রোটা. শবেবরাত সরকার ও এডিশনাল চীপ অ্যাডভাইজার রোটা. শেখ মনির হোসেন বাবুল।
আয়োজক ক্লাব চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. সাখাওয়াত হোসেন শাকিল বলেন, প্রোগ্রামটি সফল করার লক্ষ্যে গত প্রায় দুই মাসব্যাপী বিভিন্ন ক্লাবের সাথে প্রমোশনাল মিটিং করেছি। এগারোটি উপ-কমিটি গঠন করে আয়োজক ক্লাবের সদস্যদের নিরলস পরিশ্রম করে অনুষ্ঠানটির সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদে নৌ ভ্রমণ ও পিকনিক সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। আয়োজক ক্লাব বিশ্বাস করে এই নৌ পিকনিকের মাধ্যমে দেশের প্রথম ব্রান্ডিং জেলা ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ এর পর্যটন শিল্প ও জেলার ইমেজ বৃদ্ধি পাবে।
০৩ ডিসেম্বর, ২০২১।
