আজ হাইমচরের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ


সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীসহ ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হবে আজ।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।
গত ১৩ জানুয়ারি ৩ স্তরের নজির বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম পদ্ধতিতে হাইমচরে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়। এতে চেয়ারম্যান পদে ২য় বারের মত নৌকা প্রতীক নিয়ে নূর হোসেন পাটওয়ারী জয়লাভ করেন। ভাইস চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ সমর্থিত মাইক প্রতীক নিয়ে জাহাঙ্গীর বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে শাহনাজ বেগম জয়লাভ করেন।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, গত ৫ বছরে ডা. দীপু মনির সহযোগিতা নিয়ে মানুষজনের পাশে থেকে সেবা করেছি। আমার এ সেবা এবং উন্নয়নমূলক কর্মকান্ড বৃথা যায়নি। হাইমচরবাসীর ভোটের মাধ্যমে আমি এর ফল পেয়েছি। যাদের ভোটে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি সেই হাইমচরবাসীর কাছে আমি চির কৃতজ্ঞ। আমার হাইমচরবাসীর ভালবাসা নিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ বাক্য পাঠ করবো। তিনি বিগত দিনের মত সামনের দিনগুলোতেও হাইমচরবাসীর উন্নয়নের লক্ষ্যে একত্রিত হয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।