
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজ থেকে র্যালি বের হয়ে শহরের চাঁদপুর-কুমিল্লা সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া।
চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা মো. ফখরুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক তাজ বিল্লা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার পিনাক রায়, চাঁদপুর মেরিনের কর্মকর্তা মো. রেজাউল ইসলাম প্রমুখ।
শিক্ষার্থী আফসানা হোসেন, সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, ব্যাংকার ও প্রবাসে গমনেচ্ছুক ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া বলেন, দক্ষ জনশক্তি সৃষ্টি ও নিরাপদ অভিবাসন সৃষ্টি করতে হবে। প্রবাসীদের পাঠানো অর্থ সঠিকভাবে বিনিয়োগ করতে হবে। বাংলাদেশে কাজ করার অনেক সুযোগ আছে, সে বিষয়গুলো মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলেই আমরা সরকারের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারবো।
আলোচনা সভা চলাকালীন সময়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের এবং তাদের পক্ষে উপস্থিতির মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
