ইউএনডিপি’র প্রকল্প পরিদর্শনে পুরাণবাজারে ব্রিটিশ হাইকমিশনার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সফরে এসে দ্বিতীয় দিনেও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে চাঁদপুর পৌরসভার চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। গত বৃহস্পতিবার সকালে শহরের পুরানবাজার ১নং ওয়ার্ড মেঘনা সিডিসি ক্লাস্টারের আয়োজনে স্থানীয় বউবাজার ও ম্যারকাটিজ রোড দক্ষিণ এলাকায় ইউএনডিপি’র প্রকল্পের বাস্তবায়িত কাজগুলো ঘুরে দেখেন তিনি। এরপর ইউএনডিপি’র সিডিসি প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন ব্রিটিশ হাইকমিশনার।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, এসব প্রকল্পের মাধ্যমে মানুষজনকে প্রয়োজনীয় পুষ্টি, পড়াশোনা, আত্নকর্মসংস্থান বিষয়ে সচেতন করতে পেরে আমরা বেশ আনন্দিত। যা আগামিতেও অব্যাহত থাকবে। পাশাপাশি চলমান উন্নয়ন কাজ ছাড়াও বাংলাদেশের সাথে আরো বড় ধরনের কাজ করবার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার বস্তির দরিদ্র মানুষের সক্ষমতা বৃদ্ধি ও সমস্যা সমাধানে আরও আন্তরিকতার সাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন ব্রিটিশ হাইকমিশনার।
মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পৌর মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল তাঁর বক্তব্যে পৌর এলাকার উন্নয়ন এবং মানুষদের সাবলম্বী করতে বাংলাদেশ সরকারের পাশাপাশি যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চান।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাসুম পাটোয়ারী, ইউএনডিপি’র উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান নগুয়েন এবং এফসিডিও’র সোশ্যাল ডেভেলপমেন্ট এডভাইজার আনোয়ারুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এছাড়া চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এইচএম শামসুজ্জোহা, পৌর সচিব আবুল কালাম ভূঁইয়া, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক শেখ, ১, ২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ফেরদৌসি আক্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভা এবং ইউএনডিপির যৌথ পার্টনারশীপের মাধ্যমে দরিদ্র মানুষের সক্ষমতা বৃদ্ধি ও সমস্যা সমাধানে এই প্রকল্পের বিভিন্ন অনুদান ও অবকাঠামো উন্নয়নমূলক কাজ চাঁদপুর শহরের টেকসই উন্নয়নে ভূমিকা রাখছে।

২৮ আগস্ট, ২০২২।