ইউপি চেয়ারম্যানরাই পারে মামলার জট কমাতে
……….বেগম অঞ্জনা খান মজলিশ
সজীব খান
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে অবহিতকরণ কোর্সে প্রধান অতিথি হিসেবে
উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, যাদের জন্য আমি কাজ করবো তাদের মতামতের ভিত্তিতে কাজ করতে হবে। কোন আইনে ইউনিয়ন পরিষদ পরিচালনা হচ্ছে, সে বিষয়ে চেয়ারম্যান-মেম্বারদের জানতে হবে। ইউনিয়ন পরিষদ থেকে যে সার্টিফিকেট দেয়া হয়, সেগুলো যাচাই-বাছাই করে দিতে হবে। জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশান সনদপত্র সব বিষয়ের গুরুত্বসহকারে দিতে হবে। একজন জনপ্রতিনিধির অনেক দায়িত্ব রয়েছে। ইউনিয়ন পরিষদের ওয়ারিশান সার্টিফিকেট সবচাইতে গুরুত্বপূর্ণ। এ সার্টিফিকেট দিয়ে নামজারি, জমি রেজিস্ট্রি করা হয়। এসব বিষয়ে চেয়ারম্যান ও মেম্বারদের অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের অনেক ক্ষমতা দেয়া আছে। বিচার বিভাগের দায়িত্ব ও ইউনিয়ন পরিষদকে দেয়া আছে। তাই গ্রাম আদালতের বিষয়ে ইউনিয়নের সবাইকে জানাতে হবে। চেয়ারম্যানরাই পারে মামলার জট কমাতে। ইউনিয়ন পরিষদে সঠিকভাবে বিচার করলে মানুষ মানবে, সবাই ইউনিয়ন পরিষদমুখী হবে। সব বিষয়গুলো আইনগত হতে হবে। ইউনিয়ন পরিষদকে জরিমানার ক্ষমতা দেয়া হয়েছে। সরকার ইউনিয়ন পরিষদকে অনেক ক্ষমতা দিয়েছে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্যদের মতামতের গুরুত্ব দিতে হবে। তাদের সাথে আলাপ-আলোচনা করে পরিষদের কার্যক্রম করতে হবে। তাদের বাদ দিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম করা যাবে না। তাদের সব কমিটিতে রাখতে হবে। ইউনিয়ন পরিষদে বর্তমানে এলজিএসপির অনেক বরাদ্দ দেয়া হচ্ছে। এ বরাদ্দের কাজগুলো সঠিকভাবে করতে হবে। ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট যথানিয়মে করতে হবে। প্রতিটি কাজ উঠান বৈঠক করে জনগণের মতামত নিতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরাম হোসেন সজীব, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রথম পর্যায়ে সদর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বার মোট ১শ’ জন ঐ কোর্সে অংশগ্রহণ করেন।
১৩ জানুয়ারি, ২০২১।
