ইব্রাহিমপুরে প্রতিবন্ধী তরুণী অন্তঃস্বত্ত্বা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুরে এক প্রতিবন্ধী তরুণী বখাটের যৌন লালসার শিকার হয়ে ৮ মাসের অন্তঃস্বত্ত্বা হয়েছে। বর্তমানে ঐ তরুণী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর গ্রামের মিজি বাড়ির এক প্রতিবন্ধী তরুণী (২০) কে বাড়িতে রেখে তার মা চেয়ারম্যান কাশেম গাজীর বাড়িতে কাজ করতে চলে যেতো। তার বাবা নাসির মিজি দিনমজুরের কাজ করে। সেই সুযোগে পার্শ্ববর্তী খান বাড়ির উসমান খানের ছেলে নাছির খান (৩৫) বাড়িতে কেউ না থাকলে তাদের ঘরে প্রবেশ করতো। ৮ মাস আগে একা ঘরে প্রতিবন্ধী ঐ তরুণীকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে বলে তার মা জানান।
তিনি আরো জানান, আমার ২ মেয়ে, ২ ছেলের মধ্যে ও সবার বড়। ৮/৯ মাস আগে আমি কাজ করতে সকালে চলে গেলে পাশের বাড়ির উসমান খানের ছেলে বাড়িতে প্রবেশ করে আমার মেয়ের ইজ্জত নষ্ট করে। আমরা বিষয়টি রোজার ঈদের কয়েক দিন আগে বুঝতে পারি। বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি উভয় পক্ষকে নিয়ে বসার চেষ্টা করেন। কিন্তু উসমান খান আসেনি। বহুবার বসার সিদ্ধান্ত নেয়া হলেও আসামি পক্ষ না আসায় বসা হয়নি। পরে চেয়ারম্যান কাশেম খানের পরামর্শে চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে নাছির খানকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩, তারিখ ৩/৭/২০২০ইং।
প্রতিবন্ধী তরুণী এখন তার গর্ভের সন্তানের পিতৃ পরিচয় পেতে চায়। সে জানায়, তার মুখ চেপে ধরে নাছির খান বহুদিন তাকে ধর্ষণ করেছে। এ কথা যেন কাউকে না বলি সেজন্য হুমকি দেয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেন জানান, অভিযোগ পেয়েছি। প্রতিবন্ধী তরুণী যে সঠিক বিচার পায় সে ব্যবস্থা করা হবে।

০৪ জুলাই, ২০২০।