ইলশেপাড়ের দেড় দশক পূর্তি

ইলশেপাড় রিপোর্ট
আজ ৬ জুন, দৈনিক ইলশেপাড় ১৬তম বর্ষে পদার্পণ তথা দেড় দশক পূর্তি করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইলশেপাড় পরিবারের পক্ষ থেকে চাঁদপুরের সব পাঠক, গ্রাহক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানানো হয়েছে অভিনন্দন ও শুভেচ্ছা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকেলে ইলশেপাড় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
চাঁদপুরে সংবাদপত্রের জগতে ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছিলো দৈনিক ইলশেপাড়। আজ তার বয়স ১৫ বছর পূর্ণ হয়ে ১৬ বছরে পদার্পণ করলো। ১৫ বছর একটি পত্রিকার জন্য একেবারেই স্বল্পতম সময়। কিন্তু এ সময়েই পত্রিকাটি চাঁদপুরবাসীর যেই ঈর্ষণীয় সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে, তাতে একজন পূর্ণবয়সী যুবকের সাথেই পাল্লা দিচ্ছে দস্তুরমতো। প্রিয় চাঁদপুরবাসীর অভাবনীয় ভালোবাসা সত্যিই ইলশেপাড় পরিবারকে তাদের প্রতি কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে রেখেছে।
২০০৬ সালের এমন দিনে আমাদের গৌরবের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্রের বিকাশ ত্বরান্বিত করা, জাতীয় অর্থনীতির উন্নয়ন নিঃসংশয় করা, জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা বৃদ্ধি করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রেখে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৈনিক ইল্শেপাড় যাত্রা শুরু করে। চাঁদপুরের মাটি ও মানুষের কথা বলতে পথচলা শুরু করে ইলশেপাড়। বেশ কিছু বাধা-বিপত্তি, অর্থদৈন্যতা, হুমকি-ধমকি- এর অবিরাম গতিকে আগলে এসেছে ইলশেপাড়
২০০৬ সালের এমন দিনের কাকডাকা ভোরে চাঁদপুরবাসীর কোল জুড়ে আসে ইলশেপাড় নামক এই দৈনিকটি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে পাঠক, গ্রাহক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি রইলো আমাদের কৃতজ্ঞতা। সবার অফুরন্ত ভালোবাসা অক্ষুণ্ন থাকবে, আমাদের আগামি দিনের পথ চলাতে- এমনটাই প্রত্যাশা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হউন।

কৃতজ্ঞতা

আজ ৬ জুন, ২০২১ দৈনিক ইলশেপাড় ১৫ বছর পূর্তি করে ১৬ বর্ষে পদার্পণ করেছে। দেড় দশক আগে এই দিনে প্রথম প্রকাশিত হয়েছিলো যে পত্রিকাটি তা’ আজ বহু চড়াই-উৎরাই পেরিয়ে নতুনভাবে পথচলা শুরু হলো। সরকারি নানা সুযোগ-সুবিধা ছাড়া এই পথ চলা প্রচণ্ড কষ্টকরও বটে। এছাড়া ছিলো নানা দুষ্ট লোকের নানা ষড়যন্ত্র। যা’ এখনো অব্যাহত। এসব মোকাবেলা করেই আজ ১৬ বছরের পথচলা শুরু হচ্ছে।
প্রতিষ্ঠাকালীন সহকর্মীদের এখন অনেকেই এ পত্রিকার সাথে জড়িত নেই। আবার পরবর্তীতে আবার অনেকে এসে যুক্ত হয়েছে এখানে। এর মাঝেও অনেকে এ পেশা থেকে অনেক দূরে চলে গেছেন। কিন্তু পত্রিকার মায়া কাটাতে পারেননি অনেকে। তাঁরা এখনো দূর থেকেও খোঁজ-খবর রাখছেন, পত্রিকার সুখ-দুঃখের। এর মাঝে গত ৫ বছর যাবত নির্বাহী দায়িত্ব পালনকালে সহকর্মীদের ভালোবাসা, সুখে-দুঃখে পাশে থাকাসহ অনেকের রক্তচক্ষু উপেক্ষা করে চলতে হয়েছে। তবে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান সাহেবের নিয়মিত পরামর্শ ও সহযোগিতায় কাজ করা গেছে নিরবচ্ছিন্নভাবে।
বিশেষ করে ২০১৮ সালের ১ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাঁদপুর সফরকালে পত্রিকাকে চার রঙে প্রকাশ করতে পরিকল্পনা ও আর্থিক পৃষ্ঠপোষকতা করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মো. মিজানুর রহমান। ফলে প্রধানমন্ত্রীর হাতে ‘দৈনিক ইলশেপাড়’ তুলে দিতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পত্রিকাটি হাতে নিয়ে চাঁদপুর ও সংবাদপত্র সম্পর্কে নানা কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে পত্রিকা পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষীসহ চাঁদপুরবাসীকে জানাই কৃতজ্ঞতা। যারা নানা সীমাবদ্ধতা থাকা সত্বেও ইলশেপাড়ের প্রতি তাঁদের ভালোবাসা অক্ষুণ্ন রেখেছেন।
-রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, প্রধান সম্পাদক।

০৬ জুন, ২০২১।