স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বাবুরহাট সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সোমবার (১০ এপ্রিল) বিকেলে চাঁদপুর সরকারি শিশু পরিবার কেন্দ্রে এ ইফতারের আয়োজন করে চাঁদপুর জেলা ছাত্রলীগ। এতিম শিশুরা ছাড়াও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ ইফতারে অংশ নেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ইফতারের সময় আমাদের দোয়া কবুল হয়। আল্লাহতায়ালা গুনাহ মাফ করে দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ সব সময় মানুষের জন্য কাজ করে। আপনারা দেখেছেন করোনা অতিমারির সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে অনেক পরিশ্রম করেছে। তারা ঘরে ঘরে সহযোগিতা পৌঁছে দিয়েছে। তাদের ভালো কাজ সবসময় অব্যাহত থাকবে। তাই তাদের প্রতি দোয়া, ভালোবাসা ও শুভকামনা রইলো।
সরকারি শিশু পরিবারের শিশুদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, এ প্রতিষ্ঠানের শিশুরা অনেক কিছুই শিখছে। তারা নিজেদের জীবনকে সুন্দর করবে, স্বাবলম্বী হয়ে নিজেদের পায়ে দাঁড়াবে। দেশকে এগিয়ে নিতে সুনাগরিক হবে। সুবিধাবঞ্চিত শিশুরা যেন ভালো থাকতে পারে, তাদের জীবন যেন সুন্দর হয় প্রধানমন্ত্রী তাদের জন্য কাজ করছেন। আমরা সবাই যেন ভালো থাকি, দেশের জন্য কাজ করি শুভকামনা রইলো।
এর আগে লামিয়া নামে এক শিশু নাতে রাসুল পরিবেশন করে। তার সুমধুর কণ্ঠের নাতে রাসুল শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষামন্ত্রী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ইমাম মাও. আবুল হোসেন। ইফতার অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের ৮৮ জন এতিম অংশ নেয়।
জেলা ছাত্রলীগ সভাপতি মো. জহির উদ্দিন মিজির পরিচালনায় ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান, চাঁদপুর সরকারি শিশু পরিবার কেন্দ্রের তত্ত্বাবধায়ক আলপনা চাকমা, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাহিদা বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
১১ এপ্রিল, ২০২৩।
