কদমতলা সপ্রাবি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ৫নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, রাত পোহালে ৭ মার্চ। জাতির পিতা ১৯৭১ সালের এ দিন রেসকোর্স ময়দানে ভাষণ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করে ১৬ ডিসেম্বর স্বাধীন ভূখ- এনে দিয়েছিলেন। এ মার্চ মাস আমাদের গৌরবের মাস। তাই কৃতজ্ঞচিত্তে জাতির পিতাকে স্মরণ করি। এ প্রতিষ্ঠানের ধুলাবালি আমাদের গায়ে জড়িয়ে আছে। আমি এ বিদ্যালয়ের ছাত্র ছিলাম না। তবে এ মাঠে খেলাধুলা করে বড় হয়েছি। খেলাধুলা করলে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মন মানসিকতা ভালো থাকে। তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে দিতে হবে। শুধু বার্ষিক খেলাধুলা নয়, তাদের সবসময় খেলাধুলা করতে দিলে তাদের মন মানসিকতা বৃদ্ধি পাবে। আমরা স্মার্ট বাংলাদেশে এগিয়ে যাচ্ছি। আপনারা তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের অতিরিক্ত কারিকুলামে শিক্ষা দিবেন। খেলাধুলার পাশিপাশি আমাদের সন্তানদের পড়ালেখা করাতে হবে। এ বিদ্যালয়টির বয়স প্রায় শত বছরের কাছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বাসার পাশে এত পুরনো বিদ্যালয়টির নতুন ভবন করার জন্য জোর দাবি জানাবো। এ বিদ্যালয়ে লেখাপড়া করে অনেকে আজ বড় বড় অফিসার হয়েছে। তেমনি তোমরা যারা এখন পড়ালেখা করছ তারাও একদিন অরেক বড় হবে। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তপন সরকারের সভাপতিত্বে এবং শিক্ষক মাহফুজা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা স্কাউটস সম্পাদক অজয় কুমার ভৌমিক, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, অ্যাড. সাইফুদ্দিন বাবু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও পৌর কাউন্সিলর ইউনুছ শোয়েব।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএম তসলিম, প্রাক্তন শিক্ষার্থী শুক্কুর মিজি, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, শিক্ষক ওমর ফারুক, ফৌজিয়া সুলতানা, রায়হান আক্তার, মিতা রানী দাস ও নাদিয়া রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানসুর আহমেদ। বিকালে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

০৭ মার্চ, ২০২৩।