
স্টাফ রিপোর্টার
দেশব্যাপী করোনা ভাইরাসের আতংকে চাঁদপুরে সড়ক ও নদী পথে চলাচলকারী গণপরিবহন ও নৌযানগুলোতে একেবারেই যাত্রী শূন্য। সরকার ঘোষিত সকল স্কুল কলেজ বন্ধ হওয়ায় এবং ১০/১৫ জন ব্যক্তি একত্রিত না হওয়ার নির্দেশনার জারি করার পর থেকে এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
গতকাল বুধবার সকালে চাঁদপুর শহরের বাস স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, চাঁদপুর-কুমিল্লা, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও নোয়াখালী সড়কে চলাচলকারী সকল সড়ক পথে গণপরিবহনগুলোতে একবারে যাত্রী শূন্য। প্রতিটি গাড়িতেই ১০/১২ জনের বেশি যাত্রী দেখা যায়নি। তাছাড়া পুরো শহরটি ছিল একেবারেই জনশূন্য। ক্ষুদ্র পরিবহনগুলোতে ২/৩ জন যাত্রী ছাড়া তেমন কোন যাত্রী ছাড়াও দৃষ্টিগোচর হয়নি। সকাল ১১টায় শহরের মাদ্রাসা রোড, লঞ্চ টার্মিনাল ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে দণ্ডায়মান চাঁদপুর ঢাকা নৌ পথে চলাচলকরী লঞ্চগুলোতে একবারেই ফাঁকা।
বেশ কয়েকজন লঞ্চ সুপারভাইজারের সাথে আলাপ করলে তারা জানান, করোনা ভাইরাসের আতংকে যানবাহনগুলো যাত্রী শূন্য হয়ে পড়েছে। বিগত দিনগুলোতে সকাল ৮টার পর থেকে দুপুর ১টা পর্যন্ত লঞ্চ যাত্রীদের যে চাপ ছিল গত ২/৩ দিন ধরে যাত্রী নেই বললেই চললে। এতে করে লঞ্চের জ্বালানী তেলের মূল্য পর্যন্ত উঠছে না। মালিক পক্ষ যদি লঞ্চ চলাচল বন্ধ রাখে তাহলে হয়তো যাত্রীরা এই করোনা ভাইরাসের আতংক থেকে রক্ষা পেত।
