কানুদি বাজার ব্রিজ ও সড়কের বেহালদশা, জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদরের উত্তরে বিষ্ণুপুর ইউনিয়নের জনু হাজরার বাড়ির মোড় থেকে কানুদি বাজার পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার বেহালদশায় জনদুর্ভোগ এখন চরমে। চলমান বর্ষা মৌসুমের আগে এক কিলোমিটার সড়কটি ইটের সলিং উঠে যায় এবং অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে রিকশা-অটোরিকশা ও সিএনজিসহ কোনো প্রকার যানবাহন চলাচল করতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রতিনিয়ত ঔসব যানবাহন চলাচল করে থাকে। কানুদি সরকারি প্রাথমিক স্কুল কাম ফ্লাড সেন্টারের শিক্ষার্থীরা দু’তিন বছর ধরেই এ সড়ক দিয়ে স্কুলে আসা-যাওয়া প্রায় অসম্ভব।
প্রতিদিন চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ ১৮টি লঞ্চ চলাচল করে থাকে এবং কানুদি লঞ্চঘাটে শত শত যাত্রী এ সড়ক দিয়ে নারায়ণগঞ্জ এবং চাঁদপুর যাতায়াত করে থাকে ফলে যাত্রীরা দুর্ভোগের মধ্যেই যাতায়াত করে থাকে। এছাড়া কিছুদিন আগে বর্ষার পানির স্রোতের টানে কানুদি সরকারি প্রাথমিক স্কুলের সম্মুখে ও বাজারে যাওয়ার ব্রিজটির পূর্বপাশের মাটি স্রোতের টানে সারে গিয়ে ব্রিজটির একপাশ ভেঙ্গে গেছে এবং মাটি ধসে পড়েছ।
ব্রিজটির রেলিংয়ের আস্তর ঘসে পড়ছে। প্রতিদিন সকাল এবং বিকেল গ্রামবাসীদের কানুদি বাজারে ও লঞ্চঘাটে নানা ঝুঁকির মধ্যদিয়েই যেতে হয়। স্থানীয় গ্রামবাসীরা সকাল-বিকাল বাজার করতে এ ব্রিজের একপাশ ভেঙ্গে যাওয়ায় ফলে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হয়ে পড়েছে।
স্থানীয় ইউপি মেম্বার মো. খোরশেদ বরকন্দাজ জানান, এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদে বারবার বিষয়টি উপস্থাপন করেছি।
স্থানীয় আওয়ামী লীগ নেতা ডা. নজরুল ইসলাম জানান, ব্রিজটির পূর্ব পাশের মাটি সরে যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটাতে পারে। স্কুলটিও হুমকির মধ্যে পড়ে আছে। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও এ পর্যন্ত এর সমাধান হয়নি বলে তিনি জানান।
স্থানীয় জনগণের মধ্যে অনেকেই জানান, পাঁচ বছর আগে এ ব্রিজটি নির্মাণ করা হয়েছিল ৮০ লাখ টাকায়। অথচ এখন এটি ভেঙ্গে পড়ছে ও দু’পাশের মাটি সরে গিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে। সাধারণভাবে সড়ক দিয়ে হাটা যাচ্ছে না।
কানুদি বাজারের ঐ ব্রিজটি থেকে জনু হাজরার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়ক সংস্কার না হলে জনদুর্ভোগ পোহাতেই হবে স্থানীয় জনগণের। উপজেলা প্রশাসন সড়ক ও ব্রিজটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন বলে তারা আশাবাদী।
২০ জুলাই, ২০২০।