জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা মাদ্রাসার ৭ম শ্রেণির দুই ছাত্রীকে ইভটিজিং ও শালীনতা হানির অপরাধে বিল্লাল হোসেন (৩৫) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।
জানা যায়, প্রতিদিনের মতো রোববার (১১ অক্টোবর) সকালেও প্রাইভেট পড়তে যাচ্ছিলো উপজেলার ছোটধুশিয়া এলাকার দুই মাদ্রাসা ছাত্রী। এসময় তারা গন্তব্যে যেতে একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বসেন। অটোরিকশাটি উপজেলার বাড়ানী এলাকার পৌঁছালে অটোতে উঠেন ওই এলাকার প্রয়াত মকবুল হোসেন প্রকাশ মোহন মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫)। সে পেছনের সিটে তাদের পাশাপাশি বসে দুই মাদ্রাসা ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টা করতে থাকে। এতে দুইছাত্রী ড্রাইভারকে গাড়ি থামাতে বললেও ড্রাইভার তাদের কথায় কর্ণপাত না করে চালাতেই থাকে। অটোটি চান্দলা পদুয়া খামার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে এক ছাত্রী নিজের সম্মান বাঁচাতে অটোরিকশা থেকে লাফিয়ে রাস্তায় পড়ে যায়। তখন স্থানীয় লোকজনের সহযোগিতায় ইভটিজার বিল্লাল হোসেনকে আটক করে থানায় খবর দেয়।
এসময় ব্রাহ্মণপাড়া থানার এসআই জীবন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিল্লালকে গ্রেপ্তার করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা কমপ্লেক্সের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর আদালতে হাজির করা হয়।
শিক্ষার্থীদের শালীনতা হানির অপরাধে দণ্ডবিধির ১৮৬০ এর ৩৫৪ ধারায় বিল্লালকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়।
১২ অক্টোবর, ২০২০।
