কোস্টগার্ডের অভিযানে সোয়া ৫ লাখ মিটার কারেন্টজালসহ আটক ৪

শাহ আলম খান
চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে ৫ লাখ ১৭ হাজার মিটার কারেন্টজালসহ ৪ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর রাত ৯টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন চাঁদপুর এবং মৎস্য অফিসের যৌথ অভিযান চালায়। সন্ধ্যার পর চাঁদপুর মেঘনা নদীর মোহনপুর এলাকা থেকে একটি যাত্রীবাহী ছোট ট্রলারের মধ্যে এবং একটি ছোট খেয়া নৌকা থেকে প্রায় ৫শ’ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া আরেকটি অভিযানে নদীতে পাতানো অবস্থায় উদ্ধার করা হয় ৭২ হাজার মিটার কারেন্টজাল। পরবর্তীতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাহিদ, কন্টিনজেন্ট কমান্ডার মাইনুল এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ওহিদুজ্জামানের উপস্থিতিতে মাছসমূহ স্থানীয় জনগণ এবং ১২টি মাদ্রাসা এবং এতিমখানায় বিতরণ এবং জাল পুড়িয়ে ফেলা হয়।
পৃথক পৃথক অভিযানে রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হাইমচরে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর কর্তৃক অভিযান চলাকালীন সময় চাঁদপুর সদর উপজেলার আখনঘাঁট, হরিণা, আলুবাজার, গাজীপুর, চর কাটাখালি এবং পার্শ্ববর্তী এলাকাসমূহে নদীতে পাতানো অবস্থায় প্রায় ১ লাখ মিটার সুতার জাল, ৫০ হাজর মিটার কারেন্টজাল উদ্ধার করা হয়। এসময় জালের সাথে প্রায় ৪০ কেজি ইলিশ এবং ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ড।
উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় গরিব এবং দুঃস্থ মানুষের মধ্যে বিলি করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড হাইমচরের কন্টিনজেন্ট কমান্ডার শহিদুল ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান।
এছাড়া ভোর ৪টা থেকে বেলা ১২টা এবং ২টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত কোস্টগার্ড চরজালিয়া (রায়পুর) এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে মেঘনা নদীর সাজুমোল্লার ঘাঁট, কাটাখালি, চন্দ্রাখাল, মাঝের চর এবং পার্শ¦বর্তী এলাকাসমূহে অভিযান পরিচালনা করে ৪৫ হাজার মিটার কারেন্টজাল এবং ৩৫ কেজি ইলিশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছসমূহ স্থানীয় এতিমখানায় বিলি করে দেয়া হয়। জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড চরজালিয়ার কন্টিনজেন্ট কমান্ডার লুৎফর রহমান ও মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন।
এছাড়াও বিসিজিএস রাঙ্গামাটি কর্তৃক মোহনা, লগিমারার চর, কাঁচিকাটা, রাজরাজেশ্বর এলাকায় টহল প্রদানকালে ২ লাখ মিটার কারেন্টজাল এবং ১৫০ কেজি ইলিশ উদ্ধারে সক্ষম হয়। জালসমূহ কোস্টগার্ড স্টেশান চাঁদপুরের সমন্বয়ে এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং মাছসমূহ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
গতকাল সোমবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশান চাঁদপুর এবং মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান চলাকালে মেঘনা নদীর হরিনাঘাঁটের পশ্চিমপাশ থেকে ৪ জন অসাধু জেলেকে ৫০ হাজার মিটার কারেন্টজালসহ আটক করে কোস্টগার্ড। আটক জেলেরা হলেন মো. স্বপন (পিতা মো. শাহ আলম শেখ, যমুনা রোড, চাঁদপুর), হাবিব (পিতা আলী ব্যাপারি, লক্ষীপুর, শরীয়তপুর), সোবহান শেখ (পিতা সোনা মিয়া শেখ, লক্ষীপুর, শরীয়তপুর) এবং মোমিন (পিতা সোবহান, লক্ষীপুর, শরীয়তপুর)।
পরবর্তীতে কোস্টগার্ড স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট নাহিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিদুজ্জামান এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তারিজুলের উপস্থিতিতে জাল পুড়িয়ে ফেলা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে অসাধু জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
২৭ অক্টোবর, ২০২০।