গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে রাজরাজেশ্বরে হামলায় আহত ১৫

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে কৃষি জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রধানীয়া গ্রুপের হামলায় কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছে। শনিবার (৮ মে) সকালে ওই ইউনিয়নের দেওয়ানকান্দি মাঝের চর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাজরাজেশ্বর ইউপির ওয়ার্ড মেম্বার ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান আলী দেওয়ান (৭৪), একই এলাকার মৃত আদু দেওয়ানের ছেলে শারাফাত আলী দেওয়ান (৬৫), মৃত কালু দেওয়ানের ছেলে ওহাব আলী দেওয়ান (৬৮), মহিউদ্দিন দেওয়ানের ছেলে মুক্তার হোসেন (৩০), মোহাম্মদ আলী দেওয়ানের ছেলে নাজমুল হোসেন (২৫), আবদুল হামিদ পাটওয়ারীর ছেলে জব্বার পাটোয়ারী (৬০), দিল মোহাম্মদ প্রধানিয়ার ছেলে আলমগীর প্রধানিয়া (২৫), জব্বার পাটওয়াীর ছেলে হাকিম আলী পাটোয়ারী (৩০) এবং তালেব আলী প্রধানীয়ার ছেলে মহসিন প্রধানিয়া (৪০)।
এরা প্রত্যেকেই ধারালো অস্ত্র এবং টেঁটার আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আরো ৬/৭ জন কম বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। তারাই স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।
এদিকে হামলার খবর পেয়ে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হযরত আলী বেপারী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছুটে গিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন।
আহত এবং তাদের স্বজনরা জানান, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন প্রধানীয়া গ্রুপ ও দেওয়ান গ্রুপের লোকজনের সাথে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তারই সূত্র ধরে গতকাল শনিবার সকালে শেখ ফরিদ দেওয়ানের জমিতে প্রধানীয়া বাড়ির একটি গরু ধান ক্ষেতে ঢুকে তার জমির ধান খেয়ে ফেলে। এজন্য দেওয়ানকান্দির লোকজন সেই গরুটি আটকে রাখেন। এ খবর পেয়ে প্রধানিয়াকান্দির লোকজন দলবল নিয়ে সেখানে ছুটে যায়। তারা সেখান থেকে গরুটি ছাড়িয়ে নেওয়ার সময় প্রথমে তাদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রধানীয়া গ্রুপের উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র এবং টেঁটা দিয়ে দেওয়ান গ্রুপের উপর হামলা চালায়। হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান আলী দেওয়ানসহ তার বাড়ির লোকজন গুরুতর আহত হয়েছে।
হামলার খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশও হাসপাতালে ছুটে যান। হামলায় যারা সবচেয়ে বেশি গুরুতর আহত হয়েছেন। তারা প্রত্যেকেই বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হযরত আলী বেপারী বলেন, আমি শুনেছি ফসলি জমিতে ফসল খাওয়াকে কেন্দ্র করে দেওয়ানকান্দি এবং প্রধানের বাড়ির দুই গ্রুপের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়। আমি খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছি এবং আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। যারা আহত হয়েছে আগে তারা সুস্থ হোক তারপর যেভাবে সুষ্ঠু সমাধান হবে আমরা সেভাবেই তাদের বিরোধ সমাধানে কাজ করবো।

৯ মে, ২০২১।