গানে গানে চাঁদপুর মাতালেন নচিকেতা

স্টাফ রিপোর্টার
ভারতের জীবনমুখী গানের গায়ক নচিকেতা চক্রবর্তী। টানা ১০ ঘণ্টা জার্নি করে বাংলাদেশের চাঁদপুরে এসে গান শোনালেন এই সংগীতশিল্পী। গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে গানে গানে মঞ্চ মাতিয়েছেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি সংগীতশিল্পী নচিকেতাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। এসময় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ ও পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলসহ অনেকে উপস্থিত ছিলেন।
চাঁদপুরে নচিকেতার এটি প্রথম স্টেজ শো ছিল। প্রিয় শিল্পীর গান শুনতে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়ামটি। চাঁদপুর স্টেডিয়াম পরিপূর্ণ দেখে চাঁদপুরের ছেলে গীতিকার কবির বকুলের প্রশংসা করেন এবং গানের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন নচিকেতা।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ভিসা জটিলতার কারণে নচিকেতার হাতে সময় কম ছিল। যে কারণে গান গেয়েই এ দিন ফিরে যান তিনি। শারীরিকভাবে অনেকটা দুর্বল ছিলেন নচিকেতা। কখনো স্টেজে রাখা চেয়ারে বসে আবার কখনো দাঁড়িয়ে গান পরিবেশন করেন। এরমধ্যে ২/৩টি গান করে নিজেই চায়ের বিরতি নিয়ে মঞ্চ থেকে নেমে যান। চা-পানের বিরতি শেষে জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন তিনি।
নচিকেতা ছাড়াও এদিন দেশের বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড সংগীত পরিবেশন করে। এর আগের দিন একই মঞ্চে সংগীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন।

২৭ ফেব্রুয়ারি, ২০২৩।