চরমোনাই মাহফিলের নমুনায় চাঁদপুরে ৩ দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে

জাতীয় শিক্ষা ব্যবস্থায় ডারউইনের ধর্মবিদ্বেষী সিলেবাস বাস্তবায়নের ষড়যন্ত্র রুখতে হবে
….মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম
স্টাফ রিপোর্টার
চরমোনাই মাহফিলের নমুনায় চাঁদপুরে ৩ দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) চাঁদপুর শহরের পুরান বাজার স্টার আলকায়েদ জুটমিল সংলগ্ন মাঠে ফজরের নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন এর কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী ধারাবাহিকভাবে তা’লীম-তারবিয়াত এর কার্যক্রম শেষে বাদ এশা প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমে দ্বিতীয় দিনের মাহফিলের কার্যক্রম সমাপ্ত করা হয়।
দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে মূল্যবান নসিহত পেশ করেন চরমোনাই (রহ) পীরের খলিফা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের দেশের আগামী প্রজন্মকে ধর্মবিদ্বেষী নীতি নৈতিকতা বিবর্জিত হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম ও ধর্মীয় ইতিহাসগুলো তুলে দিতে চায়। তারা এর মাধ্যমে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিতে চায়।
তিনি বলেন, জাতীয় শিক্ষা ব্যবস্থায় ডারউইনের ধর্ম বিদ্বেষী সিলেবাস বাস্তবায়নের ষড়যন্ত্র রুখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ধর্মভীরু লোক ছিলেন। তার পরিচয় তিনি মুসলমান। তিনি এদেশে ইসলামের শিক্ষা ব্যবস্থা প্রসারে কাজ করেছেন। আজকে যারা বঙ্গবন্ধুর কথা বলেন এদেশে নাস্তিক্যবাদী তৈরি করতে চায়, তারা মূলত বঙ্গবন্ধুকে ভালবাসে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজানীর পীর মাও. ফজলে এলাহী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ডক্টর মাও. মোস্তাক আহমেদ, নারায়ণগঞ্জের পীর আব্দুল আউয়াল, দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক মাও. উবায়দুর রহমান খান নদভী, সাইখুল হাদীস মাও. আনোয়ার শাহ, রামপুরা মাদ্রাসার প্রধান পরিচালক মাও. মকবুল হোসাইন।
১৭ জানুয়ারি, ২০২১।