চাঁদপুরজমিন হাসপাতালে চক্ষু শিবির উদ্বোধন

আসুন সুস্থ চোখ দিয়ে সুন্দর বাংলাদেশ গড়ি
……….. অ্যাড. জিল্লুর রহমান জুয়েল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা। চক্ষু চিকিৎসা শিবির আনুষ্ঠানকিভাবে উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল।
তিনি তার বক্তব্যে বলেন, মানুষ আদিকাল থেকে একসাথে বসবাস করে। পারস্পরিক নির্ভরতার কারণে আমাদের অনেক ধরনের পেশার জন্ম দিয়েছে। পেশাগত দক্ষতা যদি নিজের জীবনের পরিবর্তন আনে। তেমনি এ পেশাগত দক্ষতাকে মানুষের কল্যাণে ব্যয় করলে সমাজের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। আমি বলব এ সমাজে অনেক বিত্তবান রয়েছে, তারা এ ধরনের কর্মকাণ্ডে আসে না। তবে তাদের এ ধরনের কর্মকাণ্ডে আসা উচিত বলে মনে করি। সমাজ আমার দ্বারা, আমার সামর্থ দ্বারা, আমার দক্ষতা দ্বারা কি উপকার পেয়েছে তা সবাইকে চিন্তা করার দরকার।
তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে রোকনুজ্জামান রোকনকে ছোটবেলা থেকেই চিনি ও জানি। এই মহতী উদ্যোগটি তার আয়োজনের একটি অংশ। আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। রোকন সেই ছোটবেলা থেকেই মানুষের পাশে যেতো ও সেবা করার জন্য কাজ করতো। সেই ধারাবাহিকতা সে আজও ধরে রেখেছে। ডিসেম্বরের ১ম দিন মানে বিজয় মাসের প্রথম দিনের এ প্রভাতে আয়োজিত অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। আসুন আমরা সুস্থ চোখ দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ি।
চাঁদপুরজমিন হাসপাতালের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলমগীর আলম জুয়েল। উদ্বোধন উপলক্ষে দোয়া পরিচালনা করেন মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ মাও. মোহছেন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন এনএসআই’র যুগ্ম-পরিচালক মো. আজিজুল হক, খাজা বাবা রাইস মিলের স্বত্বাধিকারী মো. রাশেদ চৌধুরী, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মাল, ব্যবসায়ী ও সমাজসেবক মো. বাবুল মোল্লা, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার প্রোগ্রাম অফিসার মো. দেলওয়ার হোসেন, দৈনিক চাঁদপুরজমিনের যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, রায়পুর লক্ষীপুর প্রতিনিধি মো. মিজানুর রহমান মঞ্জু, ১৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. আবুল কাশেম গাজী, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি মো. আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগ সহ-সভাপতি মো. ফজলুল হক, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল, দক্ষিণ গুণরাজদী সাতআনী পাটওয়ারী বাড়ি মসজিদের খতিব মাও. মো. আবদুল মান্নান প্রমুখ।
চক্ষু চিকিৎসা শিবিরে ৪জন চক্ষু বিশেষজ্ঞ সাড়ে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ৭০জন রোগীকে অপারেশনের ব্যবস্থা করা হয়। প্রতি ইংরেজি মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।