সাংবাদিকরা সমাজের গর্ব………এসপি মিলন মাহমুদ
স্টাফ রিপোর্টার
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেছেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের গর্ব। আপনাদের দেয়া তথ্যে আমাদের কাজগুলো অনেক সহজ হয়। সরকার আমাদের দেশকে উন্নত দেশের কাতারে নেয়ার জন্য পরিকল্পিতভাবে কাজ করছেন। আশা করি নির্দিষ্ট সময়ে আগে আমাদের দেশ উন্নত হবে। এক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা লাগবে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এসপি হিসেবে যোগদান উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, আপনাদের সাথে মতবিনিময় করে যেসব তথ্যগুলো পেয়েছি, সেগুলো কয়েক মাসের মধ্যে সমাধানের জন্য কাজ শুরু করবো। বিশেষ করে কিশোর গ্যাং, মাদক, চুরি ও ডাকাতিসহ অন্যান্য অপরাধ। এছাড়া থানায় সেবা নিতে আসা ব্যাক্তিদের সন্তুষ্টিমূলক সেবা দিয়ে বিদায় করার চেষ্টা করা হবে। আমি চেষ্টা করবো চাঁদপুর জেলা পুলিশকে আমার মতো করে সাজানোর জন্য।
পুলিশ সুপার বলেন, ১৮ বছরের নিচে সবাই শিশু। তাদের অপরাধের বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তবে ব্যতিক্রম হলে কঠোর হতে হবে। কারণ একজন শিশু-কিশোর অল্প বয়সে অপরাধে তালিকাভুক্ত হলে তার ভবিষ্যৎ অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ে। আপনাদের দেয়া তথ্যের মধ্যেমে আমরা কিশোর গ্যাং সম্পর্ক জেনে কাজ করবো। আমি চেষ্টা করবো মাদক সম্পূর্ণ নির্মুল করার জন্য। যতটুকু সম্ভব মাদকের বিষয়ে কঠোরতা থাকবে। এখানে আমি নিজেই আগে ডোপ টেস্ট করবো। তারপর আমাদের পুলিশের বাকিদেরও করাবো। এতে মাদক নিয়ে কাজ করতেও সুবিধা হবে।
এসপি বলেন, এ জেলায় কাজ করার ক্ষেত্রে আমি পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় নেয়ার চেষ্টা করবো। এক্ষেত্রে জেলার অবস্থান বুঝে ১ থেকে দেড় মাসের মধ্যেই কিছু কাজের ফলাফল পাবে জেলাবাসী। পরবর্তীতে সাংবাদিকদের সাথে বসে কাজের অগগ্রতি সম্পর্কে আলোচনা হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আসাদুজ্জামান, ডিআইও-১ তোতা মিয়া।
চাঁদপুর জেলার বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিষয়ে তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ সাংবাদিকবৃন্দ। পরে চাঁদপুর প্রেসক্লাব ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মো. মিলন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
১৮ মার্চ, ২০২১।
