চাঁদপুরের বিভিন্ন পশুর হাট পরিদর্শন করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলার বিভিন্ন থানার পশুর হাট পরিদর্শন করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। বৃহস্পতিবার (৭ জুলাই) জেলার বিভিন্ন স্থানের ঈদুল আজহা তথা কোরবানীর পশুর হাটের আইন-শৃংখলা বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটগুলোর নিরাপত্তা রক্ষায় পুলিশ তাদের দায়িত্ব যথাযথ পালন করছে কিনা সরেজমিনে তদারকি করেন তিনি।
পরিদর্শনকালে পশুর হাটের ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলেন পুলিশ সুপার মিলন মাহমুদ।
ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, দেশে করোনা সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সবাইকে করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। হাটের পশু বিক্রয়কৃত টাকা কেউ যদি পুলিশ পাহারায় বাড়ি নিয়ে যেতে ইচ্ছে পোষণ করেন তাহলে জেলা পুলিশ আপনাকে নিরাপদে পুলিশ পাহারায় আপনার বাড়ি অথবা গন্তব্যস্থলে পৌঁছে দিবে। হাটের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। প্রতিটি কোরবানি পশুর হাটের নিরাপত্তায় থানার নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি রয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, জাল নোট সনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশী ব্যবস্থা, ওয়াচ টাওয়ার, মেডিকেল ক্যাম্প, মানি এস্কর্ট ও নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থা। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সম্পর্কে জানাতে পুলিশ কন্ট্রোল রুম চাঁদপুরের (মোবাইল নম্বরঃ ০১৩২০-১১৬৮৯৮) সাথে যোগাযোগ করুন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশীদ, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লালসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

০৮ জুলাই, ২০২২।