স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ৩ লাখ ৬৫ হাজার প্রাবাসী বৈধভাবে ৮১১ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে খবর নিয়ে জানা গেছে, চাঁদপুরের বৈধ ৩ লাখ ৬৫ হাজার শ্রমজীবী প্রবাসী রয়েছেন, যারা বিদেশে বর্তমানে কর্মরত আছেন। যারা তাদের শ্রম বিক্রি করে ৮১১ কোটি টাকা আয় করেছেন।
গত ২০২১ সালের জানুয়ারি থেকে ৩০ জুন ২০২১ সাল পর্যন্ত চাঁদপুরে এই ৬ মাসে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৬৫ হাজার প্রবাসীদের কাছ থেকে ৮১১ কোটি ৩৮ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স অর্জন করতে সক্ষম হয়েছে। রোববার (৪ জুলাই) বিকেলে চাঁদপুরের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের আঞ্চলিক অফিস থেকে এ তথ্য পাওয়া যায়।
তাদের দেওয়া তথ্যমতে, সোনালী ব্যাংক ২০২১ সালের ৬ মাসে ১৮৬ কোটি টাকা, জনতা ব্যাংক ১৪১ কোটি ৮৬ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স, অগ্রণী ব্যাংক ৩৫২ কোটি টাকা এবং বাংলাদেশ কৃষি ব্যাংক ১৩১ কোটি ৫২ লাখ টাকার বৈদেশিক রেমিট্যান্স অর্জন করে।
এছাড়া ২০২০-২১ অর্থবছরে ৬৪ কোটি ৬২ লাখ টাকা লাভ করেছে। এর মধ্যে সোনালী ১৪ কোটি ৩৯ লাখ টাকা, কৃষি ব্যাংক ৩২ কোটি ৮৩ লাখ টাকা, জনতা ৮ কোটি ২৩ লাখ টাকা এবং অগ্রণী ব্যাংক ৯ কোটি ৭ লাখ টাকা লাভ করেছে।
জেলা জনশক্তি জরিপ কর্মকর্তা মো. মোহছেন আলী পাটওয়ারী এ প্রতিনিধিকে জানান, পৃথিবীর ১৬২টি দেশে ১ কোটি ১৪ লাখ ৬১ হাজার বাংলাদেশি প্রবাসী রয়েছেন। প্রবাসীর বেলায় দেশের অন্যান্য জেলার মধ্যে চাঁদপুরের অবস্থান সপ্তম অবস্থানে রয়েছে।
তিনি জানান, বিভিন্ন দেশ থেকে চাঁদপুরের বৈধ ৩ লাখ ৬৫ হাজার শ্রমজীবী প্রবাসী স্বজনদের কাছে ব্যাংক ও অন্যান্য এজেন্সির মাধ্যমে র্যামিটেন্স পাঠান। অবৈধ বা বিকাশ বা অন্যান্যভাবে রয়েছে আরও অসংখ্য র্যামিটেন্স অর্জন, যার কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক গীতা রানী জানান, প্রবাসীদের এই রেমিট্যান্সের জন্য সরকার তাদের ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে। অগ্রণী ব্যাংক আরও ১ শতাংশ দিচ্ছে। প্রবাসীদের পাঠানো টাকায় তাদের অবস্থার উন্নতি ছাড়াও এটা আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল করছেন।
০৬ জুলাই, ২০২১।
