চাঁদপুরে অনলাইন ডিজিটাল মেলা উদযাপন ও পুরস্কার বিতরণ

শাহ্ আলম খান
‘মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্তমান করোনা সংক্রমন পরিস্থিতি বিবেচনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে একযোগে ৬৪ জেলায় ডিজিটাল কার্যক্রম তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে ২৮-৩০ জুন তিন দিনব্যাপী শুরু হওয়া অনলাইন ডিজিটাল মেলা ২০২০ এর সমাপ্তি ঘটেছে। চাঁদপুর জেলা প্রশাসন স্থানীয় পর্যায়ের বিভিন্ন ডিজিটাল কার্যক্রমের টেক্সট/প্রেজেন্টেশন, ছবি, ভিডিও এর প্রয়োজনীয় তথ্য অনলাইন প্লাটফর্ম জাতীয় তথ্য বাতায়নের সংযুক্ত করার মাধ্যমে তিন দিনব্যাপী এই মেলা উদযাপন করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ডিজিটাল উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবকদেরও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবীদের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
পুরস্কার বিতরণের আগে তিনি বক্তব্যে বলেন, এই ডিজিটাল মেলার প্রতিপাদ্য বিষয়টি একটু লক্ষ্য করলে বুঝা যায় বর্তমানের এই প্রযুক্তি আমাদের সামনের দিনগুলোকে সুন্দরভাবে গুছানোর এবং এগিয়ে যাওয়ার সত্যিই একটা খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই প্রযুক্তিকে আমাদের সমাজের ভালো কাজে ব্যবহার করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরো বলেন, কিছু অসাধু চক্র আছে তারা এই প্রযুক্তির অপব্যবহার করে বিভিন্ন সময় নানা গুজব ছড়ায়। সেইসব গুজবকারী ও গুজবকে ঠেকাতে হবে। খেয়াল রাখতে তারা যেন এ ধরনের অসৎ কার্যক্রম পরিচালনা না করতে পারে।
এসময় তিনি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের উদ্যেশে বলেন, যারা এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তাদের জানাই অভিনন্দন এবং যারা বিজয়ী হন নাই তাদেরও জানাই অভিনন্দন। কারণ পুরস্কার পাওয়া বা বিজয়ী হওয়া বড় কথা নয়, অংশগ্রহণ করাই বড় কথা। যারা বিজয়ী হন নাই আগামিতে যেন বিজয়ী হতে পারেন সে লক্ষ্য এখন থেকেই তৈরী করতে হবে।
চাঁদপুর জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকদের জন্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা হলেন- (১ম থেকে ৫ম স্থান) আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, রাবেয়া আক্তার শিখা, দীন মোহাম্মদ ও নুরুল আলম চৌধুরী।
স্বেচ্ছাসেবকদের পুরস্কার বিতরণীর সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ, স্বেচ্ছাসেবক (প্রধান) ওমর ফারুক, মো. জাহিদুল হক মিলন, এইচএম জাকিরসহ স্বেচ্ছাসেবকবৃন্দ।
উল্লেখ্য, চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়।

০৮ জুলাই, ২০২০।