স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এসব মৃত্যুর ঘটনা ঘটে। করোনার উপসর্গ থাকলেও তাদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
সূত্র জানায়, মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকার রোজিনা (৩২) করোনার উপসর্গ নিয়ে সোমবার রাত ১০টার দিকে সদর হাসপাতালে আসেন। করোনার উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। রাতে তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।
অন্যদিকে ফরিদগঞ্জ উপজেলার রূপসা এলাকার কমলা রানী (৭৫) করোনার উপসর্গ নিয়ে গত ২৪ এপ্রিল রাতে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের সময় তিনি মারা যান। তার করোনা টেস্টের রিপোর্টও নেগেটিভ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চাঁদপুরে মঙ্গলবার আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১১ জন, শাহরাস্তির ৯ জন, হাইমচরের ৫ জন, ফরিদগঞ্জের ২ জন, কচুয়ার ২ জন ও মতলব দক্ষিণের ১ জন রয়েছেন। একই দিনে ৪০ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২০ জন, কচুয়ার ২ জন, মতলব দক্ষিণের ২ জন, ফরিদগঞ্জের ৩ জন, হাজীগঞ্জের ৬ জন, হাইমচরের ৪ জন ও শাহরাস্তির ৩ জন।
নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,১৭৩ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১১৫ জন। সুস্থ হয়েছেন ৩,৪৬৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৯১ জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ২১ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।
২৯ এপ্রিল, ২০২১।
