নগদ ৩ লাখ ৪৬ হাজার ৫শ’ টাকা উদ্ধার
স্টাফ রিপোর্টার
আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা বিল্লাল লস্কর (৩৫) সহ ৪ সদস্যকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও ৩ সদস্যকে আটক করে পুলিশ। বিল্লালের হেফাজতে থাকা চুরি করে অটো রিক্সা বিক্রয় করা ৩ লাখ ৪৬ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
আটকরা হলেন- চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্য শ্রীরামদী এলাকার মৃত নূর আমিন লস্করের ছেলে মো. বিল্লাল লস্কর (৩৫), পশ্চিম রামদাসদী এলাকার তাফাজ্জল গাজীর ছেলে মো. রঞ্জু গাজী (৫২), শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের মজু মিয়ার ছেলে মো. শাহ আলম (৫৫) ও শরীয়তপুর জেলার কার্তিকপুর গ্রামের খালেক ফকিরের ছেলে মো. আব্বাস ফকির (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) এনামুল হক চৌধুরী গত রোববার রাতে দোকানঘর এলাকা থেকে বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসেন। ২০২১ সালের ১১ নভেম্বর সাইদুর রহমান সাঈদ নামের একজন অটো রিক্সা হারিয়েছে বলে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন (যার নং-৪০)। দীর্ঘদিন তদন্তের পর আন্তঃ জেলার চোর চক্রের সদস্য বিল্লালকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে বিভিন্ন স্থান থেকে রঞ্জু, শাহ আলম ও মো. আব্বাসকে আটক করা হয়। বিল্লালের কাছ থেকে থেকে নগদ ৩ লাখ ৪৬ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) এনামুল হক চৌধুরী জানান, আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা বিল্লাল লস্করকে প্রথমে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে বাকি ৩ জনকে আটক করা হয়েছে। আটকদের গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
১৯ এপ্রিল, ২০২২।
