চাঁদপুরে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শহরের কালীবাড়ি মোড় এলাকর দুদু মিয়ার মালিকানাধীন দোলা ফার্মেসীতে দুর্ধর্ষ চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় চাঁদপুর নতুন বাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাহার মিয়া ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল হোতাসহ ৪ জনকে আটক করেছে।

চুরি হওয়ার ১ মাস ৭ দিনের মাথায় নতুন বাজার ফাঁড়ি পুলিশ এ সফল অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সদস্যদের আটক করতে সক্ষম হয়েছে। আটকরা হলো- জয়পুরহাটের পাঁচবিবি থানার নান্দাইল গ্রামের নুরুল ইসলাম (২৭), ঢাকা আশুলিয়ার গোয়ারহাট মোল্লাবাড়ির সাইদুল বাশার (৪২), খিলগাঁও উত্তর গোরানের মো. রুবেল (৩০) ও মাদারীপুর জেলার কালকিনি থানার পশ্চিম মাইজাপাড়ার মো. শামিম মাতব্বর (৩২) কে আটক করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনভর ঢাকার বিভিন্ন এলাকায় স্ব-স্ব থানা পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাহার মিয়া জানান, চাঁদপুর পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের দিক-নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের গতিবিধি অনুসন্ধান করে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, গত ১০আগস্ট শহরের কালীবাড়ি মোড়ে রাত আড়াইটায় দুদু মিয়ার মালিকানাধীন দোলা ফার্মেসীতে টিনের চালা কেটে এরা ১৮ লাখ টাকার মূল্যবান ঔষধ চুরি করে নিয়ে যায়। পরদিন দুদু মিয়া চাঁদপুর মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ৪৬১/৩৮০ ধারায় পেনাল কোট মামলা করে। চাঁদপুর মডেল থানা মামলা নং ১৭। আটক চোরচক্র দোলা ফার্মেসীর উত্তর পাশের আবাসিক হোটেল শরীয়তপুরে অবস্থান করে চুরি সংঘটিত করে। শরীয়তপুর হোটেলে তারা যে মোবাইল নম্বর লিপিবদ্ধ করে ছিল তার সবক’টি নম্বর ভুয়া ছিল। শুধু একটি নম্বর সঠিক থাকায় তা ট্র্যাকিং করে চোরদের সনাক্ত করা হয়। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার কমলাপুর, খিলগাও, আশুলিয়ায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। দোলা ফার্মসীর ভিতর থেকে ঔষধ চুরি করে জয়পুরহাটের নুরুল ইসলাম। তাকে ও শামিম মাতব্বরকে কমলাপুর, সাইদুল বাশারকে আশুলিয়া ও রুবেলকে খিলগাঁও থেকে আটক করা হয়।

তিনি আরো জানান, এরা ঔষধগুলো ঢাকার সদর ঘাট এলাকায় গিয়ে জয়ন্ত ও মামুন নামের দু’জনের মাধ্যমে মিডফোর্ডে ১ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করে দেয়। সে টাকা নিজেরা ভাগ-বাটোয়ারা করে নিয়ে যায়। তা থেকে কেউ মসজিদে দান করে, কেউ বিয়ে করে, আবার কেউ স্ত্রীর চিকিৎসা করে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

২০ সেপ্টেম্বর, ২০২০।