চাঁদপুরে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক

কমিউনিটি পুলিশ অঞ্চল-৪ কর্তৃক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কমিউনিটি পুলিশ বহুদিনের প্রচেষ্টার পর কমিউনিটি পুলিশ অঞ্চল-৪ টহল সদস্যদের সাহসিকতায় আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে ছিনতাই করার প্রস্তুতিকালে আটক করতে সক্ষম হয়েছে। আটকদের গত শনিবার বিকেলে পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
আটকরা হচ্ছে- সবুজ মিয়া (২৫), সোহাগ (২৩), রিপন (২৬), রুবেল ওরফে ছিডু (৩০) ও সাব্বির হোসেন (২৮)। এদের বাড়ি কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, ভৈরব ও কানদী এলাকায়। শহরের বকুলতলায় ভাড়া বাসায় থেকে এ ছিনতাইয়ের কাজ করে বলে আটক যুবকরা জানান। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়রি করে এদের ব্যাপারে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা যায়, দীর্ঘদিন যাবত দেশের বিভিন্নস্থান থেকে আসা লঞ্চ যাত্রীদের কাছ থেকে চাঁদপুর শহরের বকুলতলা এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র একত্রিত হয়ে যাত্রীদের একা অথবা ২ জনকে পেলে তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল ছিনতাই করে নিয়ে যাচিছল।
এমন অভিযোগ দীর্ঘদিন যাবত লঞ্চ যাত্রীরা দিয়ে যাচিছল পুলিশের কাছে। যার ফলে চাঁদপুর মডেল থানা পুলিশ ও কমিউনিটি পুলিশ ব্যাপক ভাবে চেষ্টা চালিয়ে যাচিছল এ সব ছিনতাইকারীদের আটক করার জন্য।
পরবর্তীতে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের নির্দেশে চাঁদপুর শহরের কমিউনিটি পুলিশ অঞ্চল-৪ এর টহল সদস্যরা সোচ্চার হয়। তারা বহুদিনের প্রচেষ্টার পর গত শুক্রবার গভীর রাতে শহরের বকুলতলা মার্কেট এলাকায় যখন ছিনতাইকারী চক্র যাত্রীদের মালামাল ছিনতাই করার জন্য একত্রিত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো তখন কমিউনিটি পুলিশ অঞ্চল-৪ টহল সদস্যরা তাদের ধাওয়া করলে তারা শহরের নতুনবাজার-পুরানবাজার সংযোগ সেতুর পালবাজার এলাকায় এসে অবস্থান নেয়।
তখন কমিউনিটি পুলিশ অঞ্চল-৪ টহল সদস্য সোহেল মিজির বুদ্ধিমত্তায় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কমান্ডার শহীদ গাজী, আবদুর রহীম ছৈয়াল ও জাহাঙ্গীর মোবাইলের মাধ্যমে একত্রিত হয়ে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করে। পরে রাতেই তাদের চাঁদপুর মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ শনিবার বিকেলে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
১৫ ফেব্রুয়ারি, ২০২১।