চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

দেশের অগ্রগতি ও উন্নতিতে প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি
………..মোহাম্মদ মোহসীন উদ্দিন

এস এম সোহেল
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষমহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই প্রতিপাদ্যে চাঁদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা, চেক বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে গিয়ে একজন প্রবাসী শুধু পরিবার নয়, দেশের উন্নয়নেও ভূমিকা রাখছে। বৈদেশিক কর্মসংস্থানের ফলে দেশের বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে অনেক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমাদের প্রবাসীরা যদি সঠিক মাধ্যমে রেমিট্যান্স পাঠান, তাহলে দেশ আরো এগিয়ে যাবে। দেশের সব অগ্রগতি ও উন্নতিতে প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি। এই রেমিট্যান্স তাদের কঠোর শ্রমের ফসল। সরকার সঠিক পথে রেমিট্যান্স দেশে আনতে প্রবাসীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এছাড়া প্রবাসীদের পরিবার ও সন্তানদের বিভিন্ন উপায়ে সুযোগ-সুবিধা ও প্রদান করছে।
তিনি আরো বলেন, বিদেশে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সরকার নিরলসভাবে কাজ করছে। বিদেশে শ্রমিকরা অনেক সমস্যার মুখোমুখি হয়ে থাকে। তাদের সমস্যা সমাধানে দূতাবাসগুলো কাজ করছে। আমরা বিদেশে অবস্থানরত শ্রমিকদের সমস্যা গুরুত্বের সাথে দেখি। প্রবাসীদের জন্য সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং কর্মসংস্থান ও জনশক্তি চাঁদপুর জেলা অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শিরিন আক্তার, এনআরবিসি ব্যাংকের এরিয়া ইনচার্জ ফারুক হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক মাহি আলম, ব্যাংকার ফোরামের সভাপতি ফারুক হোসেন, সিমস্ প্রকল্পের জেলা সমন্বয়ক নাজমুল আহাসান।

১৯ ডিসেম্বর, ২০২৪।