স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় নতুন করে আরো ১২ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর মধ্যে ১১ জনই চাঁদপুর শহরের। আগের ৪৮ জনসহ এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪ জন, সুস্থ হয়েছেন ১২ জন। বাকি ৪৪ জন বাড়িতে এবং আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন।
গতকাল বুধবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ নতুন করে ১২ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তের মধ্যে চাঁদপুর সদরে ১১ জন এবং মতলব উত্তরে ১জন।
চাঁদপুর সদর উপজেলায় আক্রান্তরা হলেন- শহরের আদালতপাড়ার এক গৃহবধূ (৩৮) ও তার ছেলে (১২), চিত্রলেখা মোড় এলাকার এক ব্যক্তি (৫৫) ও তার ছেলে (১৭), সিভিল সার্জন অফিসের এক কর্মচারী (৫৯), বড়স্টেশন ক্লাব রোডের একজন (২৫), মিশন রোডের একজন (২৫), সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের একজন (১৬), বকুলতলা এলাকার একজন (৩০), মধ্য ইচলির একজন (৩৮) এবং চাঁদপুর ট্রাফিক পুলিশের এক সদস্য (৫৯)। এদের মধ্যে শহরস্থ ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের একজন ল্যাব টেকনিশিয়ান।
নতুন আক্রান্ত পুলিশ সদস্যসহ চাঁদপুরে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ালো ৯জন।
মতলব উত্তর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি খান মোঃ কামাল জানান, সেখানকার আক্রান্ত ব্যক্তি কলাকান্দা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা কেন্দ্রের কম্পিউটার উপারেটর (উদ্যোক্তা)। তার বয়স ৪৫ বছর। এর আগে ওই ইউনিয়ন পরিষদের সচিবও করোনায় আক্রান্ত হন। ধারণা করা হচ্ছে, সচিবের সংস্পর্শে থাকায় উদ্যোক্তাও আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার ঢাকা থেকে ১০১ জনের রিপোর্ট আসে। এরমধ্যে ১২ জনের পজেটিভ এবং বাকি ৮৯ জনের নেগেটিভ। মঙ্গলবার পর্যন্ত ঢাকা থেকে আসার অপেক্ষমান রিপোর্ট ছিলো ১৪৮ জনের। এরমধ্যে ১০১ জনের রিপোর্ট এসেছে। বাকি ৪৭ জনের রিপোর্টসহ নতুন করে সংগ্রহ করা রিপোর্ট অপেক্ষমান।
নতুন আক্রান্ত ১১ জনসহ চাঁদপুর সদরে আক্রান্ত ৩৭, ফরিদগঞ্জে ৭, হাইমচরে ২, হাজীগঞ্জে ৪, শাহরাস্তিতে ২, কচুয়ায় ২ ও মতলব উত্তরে আগের ৫ জনসহ ৬ জন।
১৪ মে, ২০২০।
