মোট আক্রান্ত ১৪৫
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আরো ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ফরিদগঞ্জে ১০জন, চাঁদপুর সদরে ৪জন, কচুয়ায় ১জন ও হাইমচরে ১জন রয়েছেন। সদরে আক্রান্তদের মধ্যে চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকার ১জন করোনায় মারা গেছেন বলে রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে। রোববার (২৪ মে) দুপুরে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১২ জন। সুস্থ হয়েছেন ২১ জন। বাকিরা চিকিৎসাধীন।
চাঁদপুর সদরে নতুন করে শনাক্তকৃত ৪জনের মধ্যে চাঁদপুর শহরের ৩ ও কল্যাণপুর ইউনিয়নের ময়দানখোলা এলাকায় ১জন নারী রয়েছেন। তার বাবাও ইতোপূর্বে আক্রান্ত হয়েছেন। শহরের ৩ জনের মধ্যে ১জন ওয়্যারলেস এলাকার মৃত জাহাঙ্গীর বেপারী (৪৫), মমিনপাড়ায় আগে আক্রান্ত রোগীর বাবা এবং সদর হাসপাতালের ১জন ওয়ার্ডবয় রয়েছেন।
সিভিল সার্জন অফিসে সূত্র আরো জানায়, শনিবার রাতে আরো ৫৬ জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৬জন পজেটিভ। আর বাকি ৪০জনের রিপোর্ট নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৪৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৮০, ফরিদগঞ্জে ২৬, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৮, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৮, শাহরাস্তিতে ৮ ও হাইমচরে ৩ জন।
সূত্র আরো জানায়, হাজীগঞ্জের আক্রান্ত এক ব্যক্তি দুই স্থানে নমুনা দেওয়ায় দু’জায়গাতেই তার রিপোর্ট পজেটিভ আসে। এতদিন দু’উপজেলায় তার তথ্য ছিল। রোববার তার তথ্য একত্রিত করায় মোট আক্রান্ত থেকে আক্রান্তের সংখ্যা ১জন কমেছে। অর্থাৎ জেলায় এখন মোট আক্রান্ত ১৪৫জন।
২৫ মে, ২০২০।
