স্টাফ রিপোর্টার
পঞ্চম দফায় অসহায়, দুস্থ ও কর্মহীন ৪৭৫ পরিবারের মাঝে ৭ কেজি করে চাল (ত্রাণ) বিতরণ করেছে চাঁদপুরের জেলা প্রশাসন। এর আগে ৪ দফায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার দুই হাজার পরিবারকে ৫ কেজি করে চাল (ত্রাণ) দেয়া হয়েছে। এ পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে ২ হাজার ৪৭৫ জনের মধ্যে কর্মহীন পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর স্টেডিয়াম মাঠে এসব ত্রাণ অসহায়দের হাতে তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি উপস্থিত কর্মহীনদের উদ্দেশে বলেন, আপনারা যারা অসহায় ও কর্মহীন হয়ে পড়েছেন জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া উপহার নিয়ে আপনাদের পাশে আছি। আপনাদের যাতে কোন কষ্ট না হয় আমরা সে প্রচেষ্টা অব্যাহত রাখবো।
অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
ত্রাণ প্রাপ্তদের মধ্যে ছিলেন- চাঁদপুর জেলা প্রশাসনের হটলাইনে সাহায্যপ্রার্থী ৫০ জন, কমিউনিটি পুলিশিং সদস্য ৭৬ জন, রেস্টুরেন্ট শ্রমিক ৪৫ জন, অটো চালক ৪০ জন, বাস শ্রমিক ৫০ জন, সিএনজি চালক ৬০ জন, মাইক্রোবাস শ্রমিক ৫০ জন, দুঃস্থ পরিবার ৯০ জন এবং প্রতিবন্ধী ১৪ জন।
২৭ এপ্রিল, ২০২১।
