স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কুমারডুগী গ্রামের আজিজুর রহমান খান ভুট্টু হত্যা মামলায় ৩ জনকে আটক করা হয়েছে।
আটকরা হচ্ছে- মোস্তফা খান কালু, মনসুর খান ও সুমন খান। আটক সবাই মামলার এজহারভুক্ত আসামি ও একই বাড়ির।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাশেদ জানান, ভুট্টু হত্যা মামলায় ৫ জনকে সরাসরি বিবাদী করা হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাত একাধিক আসামি রয়েছে। মামলার বাদী নিহতের স্ত্রী নীলিমা আক্তার রাণী।
তিনি আরো জানান, বিবাদীদের সাথে নিহতের আর্থিক লেন-দেন রয়েছে। মূল সমস্যা সম্পত্তিগত। এ পর্যন্ত তদন্তে বুঝা গেছে, ১নং বিবাদী পলাতক সোহাগ খানই হত্যার পরিকল্পনাকারী। আসামিদের গতকাল বুধবার ভোর ৫টায় ডিবি পুলিশ কুমারডুগী এলাকা থেকে আটক করেছে বলে ওসি ডিবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইউনিয়নের কুমারডুগী নিজ বাড়ি যাওয়ার পথে উল্লেখিত বিবাদীরাসহ বেশ কয়েকজন আজিজুর রহমান ভুট্টোকে হত্যার উদ্দেশে হামলা করে। তারা নিহতের গলায় এবং শরীরের বিভিন্নস্থানে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে চাঁদপুর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
২১ মে, ২০২০।
