স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান।
আলহাজ ইউসুফ গাজী চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদীর মৃত আ. মালেক গাজীর বড় ছেলে। তিনি চাঁদপুর পৌরসভার ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ জানায়, শনিবার ভোর রাতে চাঁদপুর শহরের মুখার্জিঘাট এলাকার নিজ বাড়ি থেকে আলহাজ মো. ইউসুফ গাজীকে আটক করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা ইউসুফ গাজীকে আটক করার পর তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া বলেন, তার বিরুদ্ধে একটি নাশকতার মামলা রয়েছে। গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার মামলায় তাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
২০ এপ্রিল, ২০২৫।
