স্টাফ রিপোর্টার
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে সরকারি যাকাত ফান্ড ও ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় ইফা’র মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এতে যাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ৭৯ জনকে নগদ অর্থ এবং ইমামদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের বরাদ্দ থেকে ৯৬ জনকে অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন। ইফা’র উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন।
ইফা’র ফিল্ড সুপারভাইজার মো. শরীফুল ইসলাম মুন্সীর পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন মাও. মো. সানাউল্লাহ। দোয়া ও মোনাজাত করেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুর রহমান গাজীসহ জেলার বিভিন্ন মসজিদের নেতৃস্থানীয় ইমামবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দূরদর্শী পদক্ষেপ। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর দেয়া ২ কোটি টাকা অনুদান দিয়ে শুরু হওয়া ঐ ট্রাস্টের ফান্ড বর্তমানে ১০০ কোটি টাকার উপর। যা থেকে দরিদ্র ইমাম-মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা করা হচ্ছে। ইমামরা মাসিক ১০ টাকা হিসাবে চাঁদা প্রদানের কারণেই কর্মক্ষম ইমাম-মুয়াজ্জিনরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। এ ট্রাস্ট থেকে ইমামদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর মুনাফাবিহীন সহজ কিস্তিতে আদায় শর্তে ঋণ দেয়া হয়।
তিনি আরো বলেন, যাকাতের অর্থ সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সংগ্রহ করেন। আর এ টাকা থেকে গরিব ও অসহায়কে স্বাবলম্বী করতে বিতরণ করা হয়। সবাইকে স্বাবলম্বী করে দেশকে এগিয়ে নিতে সমাজের বিত্তবানদের সরকারের যাকাত ফান্ডে যাকাতের অর্থ জমাদানের উপর গুরুত্বারোপ করেন তিনি।
২২ জুলাই, ২০২০।
