চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

 

 

নোয়াখালীতে গৃহবধূকে পাশবিক নির্যাতনকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে

 

স্টাফ রিপোর্টার

নোয়াখালীতে গৃহবধূকে পাশবিক নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সব ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে চাঁদপুরে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে শহরের শপথ চত্বরে মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুব আন্দোলনের সভাপতি মাও. হেলাল আহমদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী কেএম ইয়াসীন রাশেদসানী।

জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদী হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রিয় নেতা মাসুদুর রহমান, ইসলামী আন্দোলনের জেলা নির্বাহী সদস্য মাও. জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাও. বেলাল হোসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার আল নোমান, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি মুখতার হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল গাফফার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আজ আমাদের বাংলাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে। খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার। আজ দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বর্তমান সরকার নারী অধিকারের কথা বলে, নারীদের উন্নয়নের কথা বলে, অথচ দেশের সাধারণ নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকারের দলীয় ক্যাডারদের দ্বারা আজকে দেশের নারীরা লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, নিজেদের দলের নেতাকর্মীদের বাঁচাতে নির্যাতিতরা বিচার পাচ্ছেন না।

তারা বলেন, অনতিবিলম্বে নোয়াখালীতে গৃহবধূর পাশবিক নির্যাতনের বিচার ও দেশব্যাপী সব ধর্ষণের সাথে জড়িত দেরকে বিচারের আওতায় আনতে হবে। না হলে সারাদেশে চরমোনাই পীরের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরের শপথ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার কালী বাড়িতে এসে শেষ হয়।

৬ অক্টোবর, ২০২০।