চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (স.) পালিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। গত রোববার মহাপবিত্রতম এ দিবসটি উদ্যাপন করা হয়। চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত ও আলোচনা এবং আলোচনা শেষে শহরে জশনে জুলুছ (বর্ণাঢ্য শোভাযাত্রা) করা হয়।
চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াত এবং নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ক্রমান্বয়ে শহরের বিভিন্ন অঞ্চল এবং সদর উপজেলার বিভিন্ন এলাকা, পীর মাশায়েখের দরবার ও মাদ্রাসা থেকে মুসল্লিরা আসতে থাকেন শহীদ মিনার প্রাঙ্গণে। অটো, সিএনজি অটোরিকশা, পিকআপ, মাইক্রো এবং অনেকে পায়ে হেঁটে আসতে থাকেন। শত শত মুসল্লি দুরূদ, সালাম, জিকিরসহ এসে যখন একত্রিত হন অনুষ্ঠানস্থলে। বেলা সাড়ে ১১টায় জুলুছ শুরু হয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। জুলুছ শুরুর পর দেখা গেলো যে, সহস্রাধিক নবী প্রেমিকের বিশাল জুলুছ। অনেক সাধারণ মানুষও এতে অংশ নেন। বৃষ্টিতে ভিজে পুরো শহর সরগরম করে তোলে প্রিয় নবীজির আশেকরা ‘ইয়া রাসুলাল্লাহ, মারহাবা’ ইত্যাদি নাতে রাসুল এবং শ্লোগানে। এ দৃশ্য দেখে শহরবাসী হতবাক হয়ে যায়- এমন মহাদুর্যোগ উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে কীভাবে সম্ভব! হ্যাঁ, এমন বিরল দৃষ্টান্তই স্থাপন করলো চাঁদপুরের নবী প্রেমিক সুন্নী মুসলমানরা। জুলুছ পুরো শহর ঘুরে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিলাদ-কিয়াম, মোনাজাত ও তবররুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এদিকে জুলুছ শুরু হওয়ার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা ঈদে মিলাদুন্নবী উদ্যাপন পরিষদের আহ্বায়ক এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাও. আনম মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. আবু জাফর মো. মাঈনুদ্দিন, মাও. মো. জসিম উদ্দিন, মাও. আব্দুল হান্নান নিজামী, মাও. আব্দুর রাজ্জাক, মাও. মো. শহীদুল্লাহ, মো. হুমায়ুন কবির, মাও. হাছানুজ্জামান, আব্দুল্লাহ আল বাকী, মো. হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল আমিন সাকী, নূরুল আলম মামুন, সালাউদ্দিন মো. হাসান, নুরুন্নবী মিয়াজী রুবেল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর মো. আজিম উদ্দিন, চিশতিয়া রহমানিয়া দরবার শরীফের খাদেম মাও. মো. মিজানুর রহমান, মাহফুজুর রহমান টুটুলসহ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিলাদ-কিয়াম পরিচালনা করেন গাছতলা দরবার শরীফের তত্ত্বাবধায়ক পীরজাদা মাও. খাজা মো. জোবায়ের। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাও. আনম মহিবুল্লাহ।